
সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরও বাংলাদেশের ভোক্তাদের মধ্যে আস্থা আরও বেড়েছে। ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৭১ দশমিক ৬ পয়েন্ট। ৬ মাসের ব্যবধানে ৪ দশমিক ৩ পয়েন্ট বেড়েছে। মাস্টারকার্ড ভোক্তা আস্থা সূচকে এ চিত্র উঠে এসেছে। সূচক তৈরিতে মতামত প্রদানকারীরা বাংলাদেশ নিয়ে আগের চেয়ে বেশি আশাবাদী।
গতকাল বৃহস্পতিবার মাস্টারকার্ড এ সূচক প্রকাশ করেছে। এ উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১৯৯৩ সাল থেকে প্রতিবছর ছয় মাস অন্তর এ সূচক প্রকাশ করে মাস্টারকার্ড। গতকাল প্রকাশিত প্রতিবেদনটি ২০১৬ সালের প্রথম ছয় মাসের। এবার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের ওপর এ সূচক প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ লিয়াজোঁ অফিস স্থানীয়ভাবে এটি প্রকাশ করে। এতে উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক দেবদীপ দত্ত, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, জনসংযোগ প্রতিষ্ঠান মাস্টহেড পিআরের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আদিল।
মাস্টারকার্ডের এ সূচকে সবচেয়ে আশাব্যঞ্জক, খুবই আশাব্যঞ্জক, আশাব্যঞ্জক, নিরপেক্ষ, হতাশাপূর্ণ—এসব ক্যাটাগরিতে দেশগুলোকে বিভক্ত করা হয়। বাংলাদেশ সামগ্রিকভাবে ‘আশাব্যঞ্জক’ ক্যাটাগরিতে আছে। তবে ভারত, ভিয়েতনাম ও মিয়ানমার সবচেয়ে আশাব্যঞ্জক ক্যাটাগরিতে আছে। আর জাপান, কোরিয়া, হংকংয়ের মতো তুলনামূলক উন্নত দেশের নাগরিকেরা নিজের দেশকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
মাস্টারকার্ড ভোক্তা আস্থা সূচক তৈরি করতে গত জুন ও জুলাই মাসে ১৮ থেকে ৬৪ বছর বয়সী ৮ হাজার ৭৪৬ জন বাংলাদেশির মতামত নেওয়া হয়। মতামত প্রদানকারী এসব ব্যক্তিকে দেশের পাঁচটি অর্থনৈতিক বিষয়ে ছয় মাসের ভবিষ্যদ্বাণী করতে বলা হয়। বিষয়গুলো হলো অর্থনীতি, কর্মসংস্থানের সম্ভাবনা, নিয়মিত বা দৈনন্দিন আয়ের সম্ভাবনা, শেয়ারবাজার ও জীবনযাত্রা।
প্রতিবেদনে বাংলাদেশ: সূচক নির্ধারণের পাঁচটি বিষয়ের মধ্যে শেয়ারবাজার ছাড়া বাকি চারটিতেই বাংলাদেশের ভোক্তারা ‘খুবই আশাবাদ’ প্রকাশ করেছেন। এ চারটিতেই আগের চেয়ে পয়েন্ট বেড়েছে। অন্যদিকে শেয়ারবাজার নিয়ে ভোক্তারা হতাশা প্রকাশ করেছেন। তাই পয়েন্ট কমে ৩৫ দশমিক ৩ পয়েন্ট মিলেছে।
দৈনন্দিন আয়ের সম্ভাবনায় ২০১৫ সালের দ্বিতীয়ার্ধে পয়েন্ট ছিল ৭৭ দশমিক ৬। এবার তা বেড়ে ৮৪ দশমিক ৬ পয়েন্ট হয়েছে। জীবনযাত্রা নিয়েও মতামত প্রদানকারী ব্যক্তিরা আশাবাদ বেশি দেখিয়েছেন। এ বিষয়ে এবার পয়েন্ট উঠেছে ৭৫ দশমিক ৫। গত প্রতিবেদনে পয়েন্ট ছিল ৬৫ দশমিক ৮। এদিকে অর্থনীতি নিয়ে মতামত প্রদানকারী ব্যক্তিরা আগের চেয়ে বেশি আস্থা দেখিয়েছেন। এতে পয়েন্ট মিলেছে সাড়ে ৭৯। সবচেয়ে বেশি আশাবাদ প্রকাশ করা হয়েছে কর্মসংস্থান নিয়ে। তাই সবচেয়ে বেশি ৮৩ পয়েন্ট মিলেছে কর্মসংস্থানে।
সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এত কিছুর মধ্যেও বাংলাদেশের মানুষ দেশ নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। সামগ্রিকভাবে মনোবল বাড়াতে সহায়তা করেছে এ সূচক।
অন্য দেশ: সূচকে থাকা ১৭টি দেশের মধ্যে ৯টি দেশের ভোক্তারা আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। দেশগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার ও শ্রীলঙ্কা। অন্যদিকে নিরপেক্ষ কিংবা হতাশার মনোভাব দেখিয়েছে আটটি দেশ। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, হংকং, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, তাইওয়ান ও থাইল্যান্ড। এ প্রতিবেদনে মতামত প্রদানকারী ব্যক্তিরা শুধু নিজের সম্পর্কেই মতামত দিয়েছেন। তাই এ সূচকের মাধ্যমে দেশগুলোর তুলনামূলক চিত্র আসেনি।