দেশকে উচ্চপর্যায়ের দুর্নীতি থেকে মুক্ত করা হয়েছে: মুহিত
আগের ৩০ বছরে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে, বর্তমান সরকারের গত চার বছরে অগ্রগতি হয়েছে তার চেয়েও বেশি। পাশাপাশি বর্তমান সরকার এ দেশকে উচ্চপর্যায়ের দুর্নীতির রাহুমুক্ত করেছে।
রাজধানীর পূর্ত ভবনে গতকাল বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘সাফল্যের চার বছর’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমন দাবি করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। বর্তমান আমলে অতীতের যেকোনো সময়ের তুলনায় সরকারের উচ্চপর্যায়ের দুর্নীতি কমেছে বলেও দাবি করেন অর্থমন্ত্রী।
যুক্তি দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘উচ্চপর্যায়ের দুর্নীতি কমে মূলত নেতৃত্বের গুণে। বর্তমান সময়ে উচ্চপর্যায়ের দুর্নীতি যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, আগে কখনোই তা হয়নি।’ সরকারের উচ্চপর্যায়ের নেতৃত্বের কারণেই এমনটি সম্ভব হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী।
বিএনপি-জামায়াত জোট সরকারের উদাহরণ টেনে অর্থমন্ত্রী আরও বলেন, তাদের দুবারের শাসনামলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি দেশকে ডুবিয়ে দিয়েছিল। বিশেষ করে বিএনপির শেষবারের শাসনামলে কোনো স্থাপনাই করা যায়নি।
মুহিত আরও বলেন, বিরোধীদলীয় নেত্রী ও তাঁদের নেতা-কর্মীদের মুখে লুটপাট ছাড়া কথা নেই। এতেই বোঝা যায়, তাঁরা লুটপাট ছাড়া আর কিছুই বোঝেন না।
অনুষ্ঠানে দেশের উন্নয়নচিত্রের একটি উদাহরণ দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘৩০ বছর আগে আমি যখন অর্থমন্ত্রীর দায়িত্ব ছেড়েছিলাম, তখন রাজস্ব আদায় ছিল জাতীয় আয়ের ৮ শতাংশ। এবার আমি আবার যখন অর্থমন্ত্রীর দায়িত্ব নিই, তখন রাজস্ব আদায়ের হার ছিল ১০ শতাংশ। কিন্তু গত চার বছরে রাজস্ব আদায় জাতীয় আয়ের ১৪ শতাংশ হয়েছে।’