দেশকে কিছু দিয়ে তারপর চাইতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহ
নতুন করদাতা হিসেবে এ বছর ট্যাক্স কার্ড পেয়েছেন পোশাক খাতের বায়িং হাউস এনএফএস অ্যাপারেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। ৩৪ বছর বয়সী এই উদ্যোক্তা প্রথমআলোকে বলেছেন দেশ নিয়ে তাঁর ভাবনা। সাক্ষাৎকার নিয়েছেন রাজীব আহমেদ

প্রথম আলো: কীভাবে আপনি ব্যবসায় এলেন?

মোহাম্মদ উল্লাহ: ২০০৩ সালে তিতুমীর কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করে অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ের ওপর আমি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) থেকে এক বছর মেয়াদি একটি কোর্স করি। এরপর একটি প্রতিষ্ঠানে কিছুদিন চাকরি করে ২০০৭ সালে নিজেই একটি বায়িং হাউস খুলি। উত্তরার ৪ নম্বর সেক্টরে আড়াই হাজার টাকায় একটি ছোট কক্ষ ভাড়া নিয়ে আমার অফিসের যাত্রা শুরু। এখন আমার প্রতিষ্ঠানে বছরে ১৫ থেকে ২০ লাখ ডলার (১২ থেকে ১৬ কোটি টাকা) লেনদেন হয়। ২৭ জন কর্মী কাজ করে।

প্রথম আলো: আপনি এ বছর কত টাকা কর দিয়েছেন? করদাতা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে আপনার কেমন লাগছে?

মোহাম্মদ উল্লাহ: আমি ২০০৭ সাল থেকে কর দিচ্ছি। আমাদের কর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রপ্তানিমূল্য থেকে কেটে নেয়। ২০১৪-১৫ অর্থবছরে সাড়ে ১২ লাখ টাকা কর দিয়ে আমি নতুন করদাতা শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছি। গেল বছর আমি কর দিয়েছি সাড়ে ১৭ লাখ টাকা।

প্রথম আলো: কর দেওয়াকে আপনি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ মনে করেন?

মোহাম্মদ উল্লাহ: দেশের সরকার চলে জনগণের করের ওপর নির্ভর করে। মানুষ পর্যাপ্ত কর না দিলে অবকাঠামো হবে না। শিক্ষা-চিকিৎসাসহ অন্যান্য সুবিধাও নির্ভর করে সরকারের আয়ের ওপর। আমি সব সময় মনে করি, আগে নিজে দেশকে কিছু দেব, তারপর চাইব। দেশকে কিছু দিয়ে তারপর চাইতে হয়। আমি, আমরা অবদান না রাখলে দেশ এগোবে কী করে।

প্রথম আলো: বাংলাদেশের মানুষের স্বাধীনতাসংগ্রাম শুরুর একটি বড় কারণ ছিল অর্থনৈতিক বৈষম্য। আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক অর্জন, আপনার যে অর্জন, আপনার কি মনে হয় এখানে স্বাধীনতার কোনো ভূমিকা আছে?

মোহাম্মদ উল্লাহ: অবশ্যই ভূমিকা আছে। বাংলাদেশ স্বাধীন না হলে আমরা এ অর্জনের সুযোগই পেতাম না। আমাদের এ সুযোগ দেওয়া হতো না। আমার জন্য, দেশের জন্য স্বাধীনতা সবার আগে। এর কোনো বিকল্প নেই।

প্রথম আলো: স্বাধীনতার পরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি কি আপনার যথেষ্ট মনে হয়?

মোহাম্মদ উল্লাহ: আমি বিষয়টাকে এভাবে দেখি না। অনেকে বলেন বাংলাদেশে কিছুই হয়নি। আমি বলি বাংলাদেশে কী হয়নি। যথেষ্ট উন্নতি হয়েছে। তবে আমাদের আরও এগিয়ে যেতে হবে।

প্রথম আলো: এ দেশে ১৬ কোটি মানুষের মধ্যে করদাতা মাত্র ১২ লাখের কাছাকাছি। এ সংখ্যাটি নিয়ে আপনি কিছু বলবেন?

মোহাম্মদ উল্লাহ: এ সংখ্যা আরও বেশি হওয়া উচিত। সবারই দেশের জন্য কিছু করা উচিত। সেটার ভালো উপায় হলো কর দেওয়া। আমি মানুষকে কর দিতে উৎসাহিত করতে একটি সামাজিক আন্দোলন শুরু করার উদ্যোগ নিয়েছি। আমি মনে করি, করদাতা হিসেবে আমার উচিত অন্যকেও উৎসাহিত করা। এ জন্য শিগগিরই আমি ব্যক্তিগত উদ্যোগে প্রচার শুরু করব।

প্রথম আলো: দেশের তরুণ উদ্যোক্তাদের সামনে বড় বাধা কী বলে আপনার মনে হয়।

মোহাম্মদ উল্লাহ: বড় বাধা ব্যাংকঋণ পাওয়া। তরুণেরা ব্যাংকঋণ পায় না। যেমন আমার এখন একটি পোশাক কারখানা করার মতো
সক্ষমতা তৈরি হয়েছে। কিন্তু ব্যাংক আমাকে ঋণ দেবে না।