দেশকে স্বনির্ভর করার জন্য সবার আয়কর দেওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে এক কর্মশালায় বক্তারা বলেছেন, দেশ রক্ষা, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের কল্যাণ সাধন এবং অর্থনৈতিক উন্নয়নে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। যেসব উৎস থেকে সরকার এই অর্থ সংগ্রহ করে এর মধ্যে অন্যতম হলো আয়কর। তাই দেশকে স্বনির্ভর করার জন্য সবার আয়কর দেওয়া উচিত।সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে গতকাল বুধবার ‘আয়কর প্রদান প্রক্রিয়া সহজীকরণ ও উদ্বুদ্ধকরণ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথাগুলো বলেন। কর অঞ্চল সিলেট ও উইমেন বিজনেস ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল সিলেটের কমিশনার আরিফা শাহানা। উইমেন বিজনেস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী, উপকর কমিশনার মাসুদ রানা ও শাহীনা আক্তার। এতে স্বাগত বক্তব্য দেন উইমেন বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক রোনা বেগম। সভায় বক্তারা বলেন, সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই কর দেওয়া উচিত, কিন্তু সমাজে এমন অনেকেই আছেন, যাঁরা কর দেওয়াকে জটিল ভেবে এ নিয়ে তেমন একটা আগ্রহ বোধ করেন না। এটা মোটেও ঠিক নয়। কারণ, কর দেওয়া জটিল, কষ্টকর কিংবা ঝামেলার কাজ নয়। সঠিকভাবে ফরম পূরণ করে প্রত্যেক ব্যক্তিই করদাতা হওয়ার গৌরব অর্জন করতে পারেন।