জুয়েলারি দোকানে ডাকাতির প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আলাদা টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। দাবি আদায়ে গতকাল শনিবার সারা দেশে নিজেদের অলংকার বা জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করেন তাঁরা।সর্বশেষ ৪ জুন রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার উমি জুয়েলার্সে ডাকাতির ঘটনার পর স্বর্ণ ব্যবসায়ীরা এই আন্দোলনের ঘোষণা দেন। গতকাল সারা দেশে পূর্ণদিবস ধর্মঘট পালন করেন ব্যবসায়ীরা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বাজুস সূত্র জানায়, ২০০১ সাল থেকে এ পর্যন্ত সারা দেশে জুয়েলারি দোকানে ৫১টি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে শুধু রাজধানীতেই ঘটে ৪২টি। এসব ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীরা কয়েক হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হন।বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম শাহীন প্রথম আলোকে বলেন, একের পর এক ডাকাতির ঘটনায় অনেক স্বর্ণ ব্যবসায়ী নিঃস্ব হয়ে যাচ্ছেন। কিন্তু কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হয় না। ব্যবসায়ীরা তাঁদের স্বর্ণালংকার ফিরে পাননি। এ কারণে সব স্বর্ণ ব্যবসায়ী নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে আছেন।আমিনুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনা ঘটলেও থানায় চুরির মামলা হয়। আসামি ধরা পড়লেও আইনের ফাঁক গলে কিছুদিন পরই আবার জামিনে ছাড়া পেয়ে যায়। তখন উল্টো আসামিরাই স্বর্ণালংকার বেচে ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করে।আমিনুল ইসলাম বলেন, অনেক সময় স্বর্ণালংকার উদ্ধার হলে তা আবার মামলার আলামত হিসেবে আদালতে থাকে। ব্যবসায়ীরা তা অধিকাংশ সময়ই পান না। তাই এ ধরনের সব ঘটনার তদন্তে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে একটি টাস্কফোর্স করা প্রয়োজন।জুয়েলারিতে ডাকাতির ঘটনা বন্ধে সরকারকে কঠোর আইন করার অনুরোধ জানান আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহল এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর আন্দোলনের যেতে বাধ্য হব।’