দেশজুড়ে নেসলের পুষ্টি বিজ্ঞান মেলা

নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট (এনএনআই) দেশজুড়ে আয়োজন করেছে পুষ্টি বিজ্ঞান মেলা। শিশু মাতৃগর্ভে আসার প্রথম দিন থেকে পরবর্তী এক হাজার দিন মা ও শিশুর সুস্বাস্থ্য এবং শিশুর ভবিষ্যৎ বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নার্সদের মধ্যে এ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্যই এ মেলার আয়োজন করা হয়েছিল। নেসলের এক সংবাদ বিজ্ঞপ্তি এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ জুন থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নেসলে দেশের ১৬টি স্থানে দিনব্যাপী এ পুষ্টি বিজ্ঞান মেলা আয়োজন করে। এর মধ্যে ঢাকায় ও ঢাকার বাইরে ১২টি স্থানে এ মেলা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর এবং বগুড়ায় আয়োজন করা হয় এ মেলার। আয়োজিত এ সব মেলায় তিন হাজার নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেলায় গর্ভ ও প্রসবকালীন সময়ের প্রস্তুতি, নিরাপদ প্রসব ব্যবস্থাপনা, প্রসবের সময় গোল্ডেন মিনিট ও এর ১০টি প্রধান ধাপ, মাতৃদুগ্ধের উপকারিতা, শিশুকে গরু দুধ দেওয়ার অসুবিধা, কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা রোধে ল্যাকটোব্যাসিলাস রিউটারির ভূমিকা এবং সুষম খাদ্য বিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়।