দেশজুড়ে ১৫০ স্থানে শুরু কর মেলা

ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি বিভিন্ন বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় আয়কর মেলা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। সব মিলিয়ে গতকাল ঢাকাসহ সারা দেশে ১৫০টি স্থানে এই আয়কর মেলা শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এসব মেলায় করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ইটিআইএন) নেওয়া থেকে শুরু করে রিটার্ন জমা দিতে পারছেন।
খুলনার বয়রা এলাকায় কর ভবনে গতকাল আয়কর মেলার উদ্বোধন করেন সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান। তিনি ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কোনো ধরনের হয়রানি না করে সার্বিক সহায়তা দিতে কর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
খুলনার কর কর্মকর্তারা বলেন, মেলায় করদাতারা তাঁদের আয়কর রিটার্ন জমা এবং সোনালী ও জনতা ব্যাংকের অস্থায়ী বুথে আয়কর জমা দিতে পারবেন। নতুন মেলায় মহিলা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য থাকছে আলাদা বুথ। আয়কর রিটার্ন ফরম পূরণে থাকছে ‘সহায়তা ডেস্ক’।
রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে গতকাল সকালে আয়কর মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। রংপুর অঞ্চলের কর কমিশনার হারুর-অর-রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, রংপুর চেম্বারের সভাপতি আবুল কাশেম প্রমুখ।
সিলেটের রিকাবীবাজার এলাকার মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সাত দিনের আয়কর মেলা উদ্বোধন করেন সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য মাহবুবুর রহমান, সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দীন আলী আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি হাসিন আহমদ, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ। সভাপতিত্ব করেন সিলেট কর অঞ্চলের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ।
ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে গতকাল শুরু হওয়া আয়কর মেলায় করদাতাদের সুবিধার্থে ১৬টি স্টল স্থাপন করা হয়েছে। চার দিনের মেলার উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন। উপস্থিত ছিলেন ঢাকা কর অঞ্চল-৩-এর যুগ্ম সহকারী কর কমিশনার হরিপদ সরকার।
শরীয়তপুরে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ও কর কমিশনার মেহতাব উদ্দিন খান।
নারায়ণগঞ্জে চার দিনের আয়কর মেলা চলছে নারায়ণগঞ্জ ক্লাবে। গতকাল সাংসদ এ কে এম সেলিম ওসমান মেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বি মিয়া, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান, এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা, বিকেএমইএর সহসভাপতি জি এম ফারুক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর কমিশনার রেজাউল করিম চৌধুরী।
নওগাঁর আয়োজন হোটেল মিলনায়তনে চার দিনের আয়কর মেলার উদ্বোধন করেন সাংসদ আব্দুল মালেক। মেলায় উপ-কর বিভাগের তিনটি সার্কেলের বুথ, কর আইনজীবী সমিতি, সোনালী ব্যাংক, ই-টিআইএন, হেল্প ডেস্কসহ প্রায় ১৪টি স্টল রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের আয়কর মেলাটি হচ্ছে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে। চার দিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সহকারী কর কমিশনার শাহাদৎ হোসেন।
(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন খুলনা, রংপুর, সিলেট, ফরিদপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি)