দেশব্যাপী টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পবিত্র রমজান মাস উপলক্ষে আজ রোববার থেকে পরিবেশকদের মাধ্যমে দেশব্যাপী পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে। এর আওতায় প্রতি কেজি ছোলা ৭০, চিনি (দেশি) ৪৮, মসুর ডাল ৯০ ও খেজুর ৯০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ৮০ টাকা দরে বিক্রি করা হবে। টিসিবি গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সারা দেশে মোট ১৭৯টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৩২টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে এবং জেলা সদরে ২টি করে ট্রাক থাকবে। একেকজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা ও ১ কেজি খেজুর কিনতে পারবেন।
নিজস্ব প্রতিবেদক