দেশব্যাপী সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা শুরু হয়েছে
বাংলাদেশের সুস্বাদু, ঐতিহ্যবাহী খাবার দেশে-বিদেশে জনপ্রিয় করা এবং দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা রন্ধন-প্রতিভাদের খুঁজে বের করার লক্ষ্য নিয়ে সেবার রন্ধনশিল্পী প্রতিযোগিতা ‘মনিটর মালয়েশিয়ান পাম অয়েল শেফ অব দি ইয়ার-২০১০’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।প্রতিযোগিতার আয়োজক দেশের শীর্ষস্থানীয় ভ্রমণবিষয়ক ইংরেজি পাক্ষিক দি বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম গতকাল শনিবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার টাইটেল স্পন্সর মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের আঞ্চলিক ব্যবস্থাপক (বাংলাদেশ, নেপাল ও মিয়ানমার) এ কে এম ফখরুল আলম ও প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক তাহেরা ওয়াহিদ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো শৌখিন বা পেশাজীবী রন্ধনশিল্পী তাঁর পছন্দনীয় এক বা একাধিক রেসিপি পাঠিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রেসিপির বিষয় হবে ঐতিহ্যবাহী খাঁটি বাংলাদেশি মেইন ডিস বা মূল খাবার। সব রেসিপি আগামী ২০ জুলাইয়ের মধ্যে দি বাংলাদেশ মনিটর, সিটি হার্ট (দশম তলা), ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০ ঠিকানায় পৌঁছাতে হবে।