দেশি পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে এ বছর পেঁয়াজের আবাদ ও ফলন দুটিই বেশ ভালো হয়েছে। পাশাপাশি কোনো কোনো কৃষক দানা পেঁয়াজেরও (বীজ) চাষ করেছেন। তাঁরা জানান, বিঘাপ্রতি খরচ পড়েছে ৩৫ হাজার টাকা, আর ফলন হবে প্রায় তিন মণ।  মাস খানেকের মধ্যেই পেঁয়াজের দানা ঘরে তোলা যাবে এবং প্রতি মণ ৫০ থেকে ৬০ হাজার টাকা দামে বিক্রি হবে বলে কৃষকেরা আশা করছেন l আলীমুজ্জামান
ফরিদপুরে এ বছর পেঁয়াজের আবাদ ও ফলন দুটিই বেশ ভালো হয়েছে। পাশাপাশি কোনো কোনো কৃষক দানা পেঁয়াজেরও (বীজ) চাষ করেছেন। তাঁরা জানান, বিঘাপ্রতি খরচ পড়েছে ৩৫ হাজার টাকা, আর ফলন হবে প্রায় তিন মণ। মাস খানেকের মধ্যেই পেঁয়াজের দানা ঘরে তোলা যাবে এবং প্রতি মণ ৫০ থেকে ৬০ হাজার টাকা দামে বিক্রি হবে বলে কৃষকেরা আশা করছেন l আলীমুজ্জামান

মুড়িকাটা পেঁয়াজের মজুত প্রায় শেষ। অন্যদিকে এখনো বাজারে আসেনি নতুন মৌসুমের হালি পেঁয়াজ। এই দুয়ের মাঝে পড়ে বাজারে হু হু করে বাড়ছে দেশি পেঁয়াজের দাম।
রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, দিন দশেক আগেও দেশি পেঁয়াজের দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা কেজি। সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। একই চিত্র মিরপুর-১ এবং নিউমার্কেট কাঁচাবাজারেও। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, এই সময়ে পেঁয়াজের দাম বেড়েছে ৪৬ শতাংশ।
খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হয় বলে তাঁদেরও বেশি দামে তা বিক্রি করতে হচ্ছে।
অন্যদিকে পাইকারি ব্যবসায়ী ও আড়তমালিকেরা বলছেন, হরতাল-অবরোধের কারণে বিভিন্ন স্থানে মজুত থাকা মুড়িকাটা পেঁয়াজ ঢাকায় আসতে পারেনি। এর ওপর এই পেঁয়াজের মজুত ফুরিয়ে এসেছে। আবার নতুন পেঁয়াজ এখনো বাজারে না আসায় কিছুটা সংকট রয়েছে। সে কারণে দাম বেড়েছে। তবে আগামী ১৫ দিনের মধ্যে হালি পেঁয়াজ কিছু কিছু করে বাজারে আসতে শুরু করবে। তখন দামও কমতে থাকবে।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, দেশে এখন ২০ লাখ থেকে ২২ লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে। এর মধ্যে সাড়ে ১৩ লাখ টন পেঁয়াজ দেশে উৎপন্ন হয়। বাকি চাহিদা মেটাতে নির্ভর করতে হয় ভারতের ওপর।
ঢাকায় পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে খোঁজ নিয়ে জানা যায়, মুড়িকাটা পেঁয়াজ গতকাল রোববার বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৬ টাকা কেজি দরে। দুই সপ্তাহ আগেও এই পেঁয়াজ বিক্রি হয় ২৮ টাকায়।
শ্যামবাজারে এখন মেহেরপুর ও কুষ্টিয়ার একধরনের পেঁয়াজ বিক্রি হচ্ছে। এটা ‘লাল পেঁয়াজ’ নামে পরিচিত। পাইকারি বাজারে এই পেঁয়াজের দাম ১৫ থেকে ১৮ টাকা কেজি। অবশ্য ঢাকার ক্রেতাদের কাছে এই পেঁয়াজের চাহিদা কম।
জানা যায়, মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসে ডিসেম্বরের মাঝামাঝিতে আর পাওয়া যায় মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত। হালি পেঁয়াজ বাজারে আসে এপ্রিল থেকে। তবে মার্চের মাঝামাঝিতেও আগাম কিছু পেঁয়াজ চলে আসে। এই হালি পেঁয়াজ সারা বছরই মজুত রাখা যায় এবং বিক্রিও হয়।
শ্যামবাজারের বড় আড়ত পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, মুড়িকাটা পেঁয়াজ শেষ হওয়ার পরপরই বাজারে হালি পেঁয়াজ আসে। এবার নতুন পেঁয়াজ আসার আগেই মুড়িকাটা পেঁয়াজের মজুত প্রায় শেষ হয়ে যাওয়ায় হঠাৎ দাম বেড়ে গেছে। তিনি জানান, গত বছর ভালো দাম না পেয়ে এবার চাষিরা মুড়িকাটা পেঁয়াজের ফলন কম করেছেন। সে কারণে এবার উৎপাদনও কম হয়েছে।
আড়তমালিকেরা বলছেন, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়ীসহ বেশি পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চলগুলোতে কিছু দিনের মধ্যে হালি পেঁয়াজ উঠতে শুরু করবে।
শ্যামবাজারের আরেক বড় আড়তদার নবীন ট্রেডার্সের নারায়ণ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আগাম হালি পেঁয়াজ বাজারে আসবে। তখন বাজারও স্থিতিশীল হয়ে যাবে।
খুচরা-পাইকারি দুই বাজারে দেশি পেঁয়াজের ঝাঁজ বাড়লেও ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজের বাজার স্বাভাবিকই রয়েছে। খুচরা বাজারে এখন ভারতীয় পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মাস খানেক ধরেই এই দামে পেঁয়াজটি বিক্রি হচ্ছে। আর পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে।