দেশি-বিদেশি উৎস থেকে প্রায় সমান অর্থায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) সরকারকে ১৭ হাজার ৪৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘাটতি অর্থায়ন করতে হয়েছে। তবে এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে সাড়ে ৩২ শতাংশ কম। ২০১১-১২ অর্থবছরের প্রথম নয় মাসে ২৫ হাজার ৮৫১ কোটি ৬২ লাখ টাকার ঘাটতি অর্থায়ন করতে হয়েছিল।চলতি অর্থবছরের প্রথম নয় মাসের ঘাটতি অর্থায়নে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিয়েছে আট হাজার ৬৭৯ কোটি ৪৬ লাখ টাকা। এটি মোট ঘাটতি অর্থায়নের ৪৮ দশমিক ৭৫ শতাংশ।অন্যদিকে একই সময়ে বৈদেশিক উৎস থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে আট হাজার ৭৬৮ কোটি সাত লাখ টাকা। এটি ঘাটতি অর্থায়নের ৫০ দশমিক ২৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।প্রাপ্ত পরিসংখ্যান থেকে দেখা যায়, অভ্যন্তরীণ উৎসের মধ্যে সিংহভাগ এসেছে ব্যাংকব্যবস্থা থেকে। আলোচ্য সময়ে সরকারের প্রকৃত ঋণ দাঁড়িয়েছে ছয় হাজার ২৯০ কোটি ২০ লাখ টাকা। অবশ্য গত অর্থবছরের একই সময় ব্যাংকব্যবস্থা থেকে সরকারের প্রকৃত ঋণ গ্রহণের পরিমাণ ছিল ১৭ হাজার ৯০৮ কোটি ৪০ লাখ টাকা।অন্যদিকে ব্যাংকবহির্ভূত উৎস থেকে সরকারের নেওয়া প্রকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৩৮৯ কোটি ২৬ লাখ টাকা। আর গত অর্থবছরের প্রথম নয় মাসে যেখানে ব্যাংকবহির্ভূত খাত থেকে এক হাজার ৩৮৯ কোটি ৬৯ লাখ টাকা নিয়েছিল সরকার। সে হিসাবে এ উৎস থেকে ঋণ গ্রহণ প্রায় দ্বিগুণ হয়েছে। ব্যাংকবহির্ভূত উৎসের প্রায় পুরোটাই আসে মূলত সঞ্চয়পত্র বিক্রি করার মাধ্যমে। চলতি অর্থবছরের নয় মাসে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি দাঁড়িয়েছে ৬৯২ কোটি ৫৬ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে এই বিক্রির পরিমাণ ছিল মাত্র ২০ কোটি ৯৬ লাখ টাকা। একটি নির্দিষ্ট সময়ে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের বিপরীতে একই সময়ে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্র নগদায়নের জন্য গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার পর যা থাকে, তাই সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি হিসেবে বিবেচিত। ২০১২-১৩ অর্থবছরেরর নয় মাসে ১৭ হাজার ৬০৫ কোটি টাকার মোট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। আবার এই সময়কালে নগদায়ন করা হয়েছে ১৬ হাজার ৯১৩ কোটি সাত লাখ টাকার সঞ্চয়পত্র। ফলে প্রকৃত বিক্রি দাঁড়িয়েছে ৬৯২ কোটি ৫৬ লাখ টাকা।এদিকে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়ে অর্থায়ন করা হয়েছে আট হাজার ৭৮৬ কোটি সাত লাখ টাকা। গত বছরের একই সময়ে এ উৎস থেকে সরকার ঋণ পেয়েছিল ছয় হাজার ৫৫৩ কোটি ৫৩ লাখ টাকা।সরকার চলতি অর্থবছরে বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে, অর্থবছরের নয় মাসে বাজেট ঘাটতি অনুমিত জিডিপির ১ দশমিক ৬৮ শতাংশ হয়েছে।