দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৮ শতাংশে উন্নীত করতে চায় সরকার। কিন্তু এ জন্য যে পরিমাণ দেশি ও বিদেশি বিনিয়োগ প্রয়োজন, তা হচ্ছে না। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। এর কয়েকটি কারণও চিহ্নিত করেছেন তিনি। আজাদের মতে, বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বেসরকারি খাত বিনিয়োগের জন্য পর্যাপ্ত ঋণ পাচ্ছে না। আবার ব্যাংকগুলো নিজের খেয়ালখুশিমতো ঋণের সুদের হার নির্ধারণ করছে। অন্যদিকে, যে ঋণ বিতরণ করা হচ্ছে, তা চলে যাচ্ছে অন্য খাতে। তার ওপর অবকাঠামো এখনো উন্নত নয়। এতে দেশি বিনিয়োগকারীরা তো বটেই, বিদেশি বিনিয়োগকারীরাও এ দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন।রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কে আজাদ এসব কথা বলেন। এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠানের ঠিক দুই দিন আগে দেশের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা ও এফবিসিসিআইয়ের ভূমিকা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জসিম উদ্দিন এবং সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরীসহ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির জন্য ২০ শতাংশ রাখা হয়েছে। এত কম ঋণ দিয়ে ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি সম্ভব নয়। তিনি বলেন, ‘এমনিতেই ঋণ দেওয়া হচ্ছে কম, তা-ও আবার শিল্প খাতে যাচ্ছে না। আমাদের অনুসন্ধানে দেখা গেছে, এসএমই খাতের অনেক ঋণ চলে যাচ্ছে প্রশিক্ষণের জন্য।’এ কে আজাদ আরও বলেন, কোনো নীতিমালা না থাকায় এখন ব্যাংকগুলো যার যার খুশিমতো আমানত ও ঋণের সুদ নির্ধারণ করছে। এত উচ্চ সুদের হার দিয়ে কারও পক্ষে বিনিয়োগ করা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেশে মূলধনি যন্ত্রপাতির আমদানি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, তা কি শিল্পের নাকি বিদ্যুৎ খাতের, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই।অনুন্নত অবকাঠামোকে বিনিয়োগের একটি বড় সমস্যা চিহ্নিত করে এ কে আজাদ বলেন, ‘এ সরকার দায়িত্ব নেওয়ার পরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ শুরু করে। কিন্তু এ কাজ কবে শেষ হবে তা আমরাও জানি না, সরকারও জানে কি না জানি না।’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমাতে পানগাঁওয়ে নির্মিত অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল খুলে দেওয়া এবং রেলওয়েকে আধুনিকায়ন করার প্রস্তাব করেন তিনি।বিদেশি বিনিয়োগ নেই: এ কে আজাদ বলেন, জিডিপির প্রবৃদ্ধি ৮ শতাংশ করতে হলে দুই হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগ করা প্রয়োজন। এত বড় বিনিয়োগ দেশের ব্যবসায়ীদের পক্ষে করা সম্ভব নয়। এ জন্য বিদেশি বিনিয়োগ প্রয়োজন। কিন্তু উন্নত অবকাঠামো না থাকায় বিদেশি বিনিয়োগ আসছে না।আজাদ বলেন, সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার ঘোষণা দিয়েছে। তা এখনো বাস্তবায়িত হয়নি। আগামী ছয় মাসের মধ্যে যদি সরকার এসব অঞ্চল করতে পারে তাহলে সেখানে দেশি-বিদেশি বিনিয়োগ হবে।এ কে আজাদ বলেন, জাপানি ব্যবসায়ীরা এ দেশে বিনিয়োগে আগ্রহী থাকলেও সহযোগিতা না পাওয়ায় তাঁরা আগ্রহ হারাচ্ছেন। আর তাঁদের বিনিয়োগ চলে যাচ্ছে মিয়ানমারে।প্রসঙ্গ হল-মার্ক: এ কে আজাদ বলেন, শুধু হল-মার্কের মালিক আর সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার মহাব্যবস্থাপকই এ কেলেঙ্কারির জন্য দায়ী নয়। বিশাল একটি চক্র এর সঙ্গে জড়িত। ব্যাংকের অন্য কোনো কর্মকর্তা কিংবা পরিচালকেরা জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। আর এই লুটপাটের অর্থ অবিলম্বে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।এ কে আজাদ বলেন, সোনালী ব্যাংকের কাছে ২৯টি ব্যাংকের এক হাজার কোটি টাকা আটকে আছে। সোনালী ব্যাংক সেগুলো দিচ্ছে না। তাই এই ব্যাংকগুলোর গ্রাহকেরাও অর্থ পাচ্ছেন না। দ্রুত এ অর্থ ব্যাংকগুলোকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।দুই বছরে অর্জন: এ কে আজাদ বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম তখন ৮০ লাখ টাকার তহবিল পেয়েছিলাম। পরবর্তী কমিটির জন্য আমরা ৩৫ কোটি টাকার তহবিল রেখে যাচ্ছি।’ তিনি বলেন, দুই বছরে ১৮টি জেলা চেম্বারকে জমি কিনে দেওয়া, ভবন নির্মাণ এবং আসবাব কিনে দেওয়া হয়েছে।