দেশি মসুরের জাত উন্নয়নে কাজ করছেন কানাডার গবেষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট দানা, কড়া লাল আর স্বাদে দারুণ ‘দেশি মসুর’ ডালের কদর বাজারে ব্যাপক। তাই তো সুদূর কানাডার কৃষিবিজ্ঞানীরাও লেগে গেছেন কী করে বাংলাদেশ, নেপাল আর ভারতের দেশি মসুর ডালের জাতটি তুলে দেওয়া যায় তাঁদের কৃষকদের হাতে। বাজারের চাহিদা মেটানোই হচ্ছে মুক্তবাজারের সাফল্যের নিয়ামক। আর এটা বুঝেই হয়তো কানাডীয় গবেষকেরা তাঁদের উত্পাদকদের সহায়তা করছেন।‘সাসকাচেয়ান বিশ্ব্ববিদ্যালয়ের গবেষকেরা বাংলাদেশের দেশি মসুরের জাতটি নিয়েও কাজ করছেন এখন।’—বললেন, সাসকাচোয়ান ট্রেড অ্যান্ড এক্সপোর্ট পার্টনারশিপ বা স্টেপের প্রেসিডেন্ট লায়নেল লাবেলে।সারা কানাডায় যত চাষযোগ্য জমি আছে, তার শতকরা ৪৭ ভাগই সাসকাচোয়ান প্রদেশে। কানাডার মোট কৃষি রপ্তানির প্রায় অর্ধেকেরও বেশি হয় সাসকাচেয়ান প্রদেশ থেকেই। সেখানে নানা শস্যের ব্যাপক উদ্বৃত্ত উত্পদান কানাডাকে বিশ্বের শীর্ষ কৃষিপণ্য রপ্তানিকারকে পরিণত করছে।স্টেপের বোর্ডে কানাডার কেন্দ্রীয় সরকারের তিনজন মন্ত্রী আছেন। সংস্থাটির কাজ হলো উত্পাদন বৃদ্ধি আর রপ্তানি উন্নয়নের ক্ষেত্রে সাসকাচোয়ান প্রদেশের সরকার ও উত্পাদকদের সহায়তা দেওয়া।বিগত বছরটিতে বাংলাদেশ কানাডা থেকে প্রায় তিন হাজার কোটি টাকার কৃষিপণ্য আমদানি করেছে, যা আগের বছরের আমদানির দ্বিগুণেরও বেশি। বিপুল পরিমাণ কানাডীয় মসুর ডাল, ডাবলি, খেসারি, সরিষা ও গম এনেছেন বাংলাদেশি আমদানিকারকেরা।বাংলাদেশে কানাডার কৃষিপণ্যের রপ্তানি বাজার যখন দ্রুত বাড়ছে, ঠিক তখনই তা আরও বাড়ানোর মিশন নিয়ে একটি বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে সপ্তাহখানেক ঢাকা আর চট্টগ্রামে কাটিয়ে গেছেন লাবেলে। ঢাকায় এই লেখকের সঙ্গে দীর্ঘ আলাপচারিতাকালে লাবেলে জানালেন, বাংলাদেশ এখন কানাডীয় কৃষিপণ্যের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ১০টি বাজারের একটি।কানাডীয়রা সত্যিই জানে, কী করে ব্যবসা ধরে রাখতে হয়, বাজার আরও সম্প্রসারণ করতে হয়। ঢাকায় এসে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, মাসুদ অ্যান্ড ব্রাদার্স, মোস্তফা গ্রুপ, সুুরভি ট্রেডার্স ও হুমা করপোরেশনসহ বাংলাদেশি শীর্ষ ১৪টি কোম্পানিকে আমদানির জন্য কানাডার সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দিয়ে গেছে লাবেলের প্রতিনিধিদল।‘আমরা বাজার ঘুরে জেনেছি, বাংলাদেশের বাজারে দেশি মসুর ডালের কদর কেমন। তাই এখন আমাদের গবেষকেরাও কাজ করছেন এই জাত উন্নয়নে।’—বললেন লাবেলে।বর্তমান গড় খুচরা মূল্য হিসাব করলে বাংলাদেশে শুধু আমদানিকৃত মসুর ডালের বাজার দুই হাজার কোটি টাকার মাতো। বাংলাদশে মসুর ডালের চাহিদা বছরে প্রায় আড়াই লাখ টন। খুব ভালো হলেও স্থানীয় উত্পাদন ৫০ হাজার টনের বেশি হয় না। স্থানীয় উত্পাদন দিয়ে যেহেতু বাজারের চাহিদার এক-পঞ্চমাংশও মেটে না, তাই এ বাজারে বিদেশি উত্পাদকদের প্রাধান্য থাকবে—এটাই স্বাভাবিক।দুই-চার বছর ধরে ভারতে ডালের উত্পাদন হ্রাস আর তুরস্কে ফলন কমে যাওয়ায় বাংলাদেশি আমদানিকারকেরা আরও বেশি করে ছুটেছেন কানাডায়।কানাডীয় ইয়োলো পি আমাদের বাজারে পুরো দানা ডাবলি ভাঙিয়ে বুট ও খেসারি ডাল হিসেবে বিক্রি হয়। এ জাতের ডালের বাংলাদেশি বাজারের শতকরা ৮০ ভাগেরও বেশি সরবরাহ আসে কানাডা থেকে। ঢাকার কোনো ভোক্তা তার মহল্লার কোনো হোটেলে গিয়ে যে বুটের ডাল দিয়ে নাশতা করছে, তা কানাডীয় ইয়োলো পি। কিংবা জিভে জল আনা ফুচকা বা চটপটির মূল উপাদানও কানাডীয় ইয়োলো পি।কানাডীয়রা এখন লেগেছে, কী করে বাংলাদেশের উন্নত মানের মসুর ডালের বাজরাটি পুরোপুরি নিয়ে নেওয়া যায়। কারণ, দামি ডাল ও স্থায়ী বাজার হিসেবে মসুর ডালের বাজারটি বেশ লোভনীয়।লাবেলে জানালেন, রবিন নামের একটি ডালের নমুনা তাঁরা দেখিয়েছেন ঢাকা ও চট্টগ্রামের আমদানিকারকদের। রবিন আকার ও বর্ণে অনেকটা আমাদের দেশি ডালের মতোই। তবে কানাডীয় গবেষকদের এখন লক্ষ্য, কীভাবে রবিনের দানা, বর্ণ আর স্বাদ একেবারে দেশি ডালের মতো করে উন্নয়ন করা যায়।এখনো নেপাল থেকে উল্লেখযোগ্য পরিমাণ ডাল আসে বাংলাদেশে। নেপালি মসুর ডাল আকারে, বর্ণে ও স্বাদে দেশি ডালের মতোই। অস্ট্রেলিয়ার ডালেরও একটি উল্লেখযোগ্য বাজার আছে বাংলাদেশে। তাই রবিন নিয়েই একদিন হয়তো রবিনহুডের মতো বাংলাদেশের পুরো বাজার দখল করতে চায় কানাডীয়রা।লাবেলে বললেন, বাংলাদেশের সাড়ে ১৫ কোটি ভোক্তার বিশাল বাজার, যা অনেকটাই আমদানিনির্ভর। এর সরবরাহ সচল রাখছেন স্থানীয় আমদানিকারকেরাই, যা সত্যিই একটি ব্যতিক্রমী বিষয়। খাদ্য সংরক্ষণ, সরবরাহ ও প্রক্রিয়াকরণ অবকাঠামোয় স্থানীয় বিশাল বিনিয়োগ দেখেও অভীভূত হয়েছেন লাবেলে।