দেশি শিল্পের স্বার্থে বিলেটের আমদানি শুল্ক বাড়ানোর দাবি

দেশি শিল্পের স্বার্থে ইস্পাত তৈরির কাঁচামাল বিলেট আমদানিতে ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) আরোপ অথবা টনপ্রতি প্রস্তাবিত আমদানি শুল্ক আরও সাড়ে সাত হাজার টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় উৎপাদকেরা। তা না হলে মানসম্মত বিলেট উৎপাদনকারী দেশি স্টিল মিলগুলো প্রতিযোগিতায় টিকতে না পেরে রুগ্ণ হয়ে পড়বে এবং পর্যায়ক্রমে বন্ধও হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উৎপাদকেরা। ইস্পাত খাতের দুই বাণিজ্য সংগঠন এক যৌথ সংবাদ সম্মেলনে এমন দাবিই করেছে। তাদের অভিযোগ, বিলেট আমদানিকে নিরুৎসাহিত না করতে পারলে দু-তিনটি প্রতিষ্ঠান লাভবান হবে। এতে একচেটিয়া ব্যবসা করে অন্যদের ধ্বংস করার পাশাপাশি দেশবাসীকে জিম্মি করে ফেলবে তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল মঙ্গলবার এই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন। লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতি মেট্রিক টন এমএস বিলেট আমদানিতে দুই হাজার ৫০০ টাকার পরিবর্তে তিন হাজার ৫০০ টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে। কিন্তু দেশে উৎপাদিত একই পরিমাণ বিলেটে সরকারকে শুল্ক ও কর বাবদ প্রায় ১২ হাজার ২১২ টাকা দিতে হয়। এ জন্য আমদানিতেই বেশি লাভবান হচ্ছেন গুটি কয়েক ব্যবসায়ী। এতে করে দেশের প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়েছে। এতে আরও বলা হয়, বিলেট তৈরিতে তিন ধরনের রাসায়নিক দ্রব্য প্রয়োজন হয়। আর দেশে একমাত্র প্রতিষ্ঠান এই দ্রব্যগুলো উৎপাদন করে। চলতি অর্থবছর এসব দ্রব্যের কাঁচামাল ম্যাঙ্গানিক ওরসের ওপর ১৫ শতাংশ হারে মূসক প্রত্যাহার করা হলেও এসব দ্রব্যের বিক্রয়মূল্য কমেনি। অবশ্য প্রস্তাবিত বাজেটে কাঁচামালটির শুল্ক ৫ থেকে শূন্য শতাংশ করা হয়েছে। অটো রি-রোলিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ মাসাদুল আলম বলেন, এতে করে রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটিকে অতি মুনাফা করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু সরাসরি রাসায়নিক দ্রব্য আমদানিতে ভ্যাট ও অগ্রিম আয়কর প্রত্যাহার করলে দেশি স্টিল মিলগুলো উপকৃত হবে। তারা অনেক কম খরচে সরাসরি আমদানি করতে পারবে।
এ ছাড়া সমিতির নেতারা বিলেট উৎপাদনে কাঁচামাল জোগানদারের ক্ষেত্রে ৪ শতাংশ অতিরিক্ত উৎসে মূল্য সংযোজন কর ও মেল্টিং স্ক্র্যাপ আমদানিতে টনপ্রতি ৮০০ টাকা অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি করেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফজলুল রহমান, আনোয়ার ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন প্রমুখ।