দেশি শিল্পের স্বার্থে বিলেটের আমদানি শুল্ক বৃদ্ধির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি শিল্পের স্বার্থে ইস্পাত তৈরির কাঁচামাল বিলেটের আমদানি শুল্ক দুই হাজার টাকা বৃদ্ধি করে সাড়ে পাঁচ হাজার এবং ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) আরোপ করা প্রয়োজন। অন্যথায় বিলেট উৎপাদনকারী দেশি স্টিল মিলগুলো প্রতিযোগিতায় টিকতে পারবে না। পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে।
ইস্পাত খাতের তিন সংগঠন বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন গতকাল বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে, বিলেট আমদানিকে নিরুৎসাহিত করতে না পারলে কয়েকটি বড় প্রতিষ্ঠানই কেবল টিকে থাকবে এবং একচেটিয়া ব্যবসা করবে৷ 
এতে লিখিত বক্তব্য পাঠ করেন অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ মাসাদুল আলম। তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে প্রতি মেট্রিক টন এম এস বিলেট আমদানিতে তিন হাজার ৫০০ টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে। কিন্তু দেশে উৎপাদিত একই পরিমাণ বিলেটে সরকারকে শুল্ক ও কর বাবদ প্রায় ১২ হাজার ২১২ টাকা দিতে হয়। এটি সমন্বয় কিংবা মেল্টিং স্ক্র্যাপ থেকে বিলেট তৈরিতে সব ধরনের উপকরণের ওপর থেকে মূসক ও অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহার করার দাবি জানান তিনি৷
মাসাদুল আলম বলেন, ‘প্রতিষ্ঠানটি আমাদের ৩০০ প্রতিষ্ঠানকে জিম্মি করে অতি মুনাফা করছে। তবে সরাসরি কেমিক্যাল আমদানিতে ১৫ শতাংশ মূসক ও ৫ শতাংশ এআইটি প্রত্যাহার করলে দেশি মিলগুলো উপকৃত হবে।’
সমিতির নেতারা বিলেট উৎপাদনে কাঁচামাল জোগানদারের ক্ষেত্রে ৪ শতাংশ অতিরিক্ত উৎসে মূসক ও মেল্টিং স্ক্র্যাপ আমদানিতে টনপ্রতি ৮০০ টাকা এআইটি প্রত্যাহারেরও দাবি করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্টিল মিল ওনার্সের চেয়ারম্যান শেখ ফজলুল রহমান, রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক।