বিদেশি সহায়তা ব্যবহার না করতে পারার পেছনে দাতাদের চেয়ে দেশি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোই বেশি দায়ী। মূলত প্রকল্প প্রণয়নে বিলম্ব, বারবার দরপত্র আহ্বান, সরকারি কেনাকাটা দীর্ঘায়িত হওয়াসহ বিভিন্ন কারণে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো যথাসময়ে বিদেশি সহায়তা ব্যবহার করতে পারছে না। তবে যথাসময়ে বাস্তবায়নকারী সংস্থাগুলো প্রকল্প দলিলাদি প্রস্তুত করতে না পারায় অনুমোদনসহ পরামর্শক নিয়োগে দেরি করে দাতারা। গতকাল রোববার পাঁচটি সংসদীয় কমিটির প্রতিনিধিদের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। মুহিত আরও বলেন, ‘বাস্তবায়ন-দক্ষতার ওপর প্রশ্ন ওঠা আমাদের জন্য লজ্জাকর বিষয়।’অর্থমন্ত্রী জানান, সংসদীয় কমিটির সদস্যরা বিদেশি সহায়তা ব্যবহার করতে না পারার পাশাপাশি অর্থের অপচয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।বিদেশি সহায়তার যথাযথ ব্যবহার করার বিষয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা আমলাতন্ত্রের কাঠামোগত সমস্যা। এটা সরকারের কাঠামোগত সমস্যা। এর উত্তর আমি দিতে পারব না।’ তিনি জানান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এখন থেকে উন্নয়ন-সহযোগী, বাস্তবায়নকারী সংস্থা ও পরিকল্পনা কমিশনের সঙ্গে নিয়মিত বৈঠক শুরু করেছে বিদেশি সহায়তাপুষ্ট বড় প্রকল্পগুলো নিয়ে। এতে বিদেশি সহায়তা ছাড় আরও দ্রুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বর্তমানে এক হাজার ৬০০ কোটি ডলার পাইপলাইনে আছে। এর মধ্যে গত অর্থবছরে ১৭০ কোটি ডলার এসেছে। গতকালের বৈঠকে অর্থ, পরিকল্পনা, সরকারি হিসাব, সরকারি প্রতিষ্ঠান ও প্রাক্কলন কমিটির সদস্যরা অংশ নেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব কমিটির সদস্যরা অভ্যন্তরীণ সম্পদ আহরণের ওপর সবচেয়ে বেশি জোর দেন। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) উপজেলা পর্যন্ত কার্যক্রম বিস্তৃত করার পরামর্শ দেন তাঁরা। এ ছাড়া বাজেট বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেন, বাজেটে আকার কোনো সমস্যা নয়, বাস্তবায়নই সমস্যা। সংসদীয় কমিটির সদস্যরা তিনটি বিষয়কে জনগুরুত্বপূর্ণ হিসেবে মনে করেন। এগুলো হলো: স্থিতিশীল দ্রব্যমূল্য, বিদ্যুৎ সংযোগ ও সরবরাহ এবং রাস্তাঘাটের মেরামত। অর্থমন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘তাঁরা এ বিষয়ে আমাকে এক রকম হুকুম দিয়েছেন।’শিল্পঋণের সুদের হার এখনো উদ্যোক্তাদের অনুকূলে নয় বলেও মনে করেন বৈঠকে অংশ নেওয়া সংসদীয় কমিটির অনেক সদস্য। এ ছাড়া এখনো বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গঠন না হওয়ায় প্রশ্নের মুখে পড়েন অর্থমন্ত্রী। অনেকে ব্যাংকিং-সেবা বিস্তৃত করে গ্রাম পর্যন্ত পৌঁছানোর পরামর্শও দেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী আরও বলেন, কৃষিতে ভর্তুকি লাগবেই। তবে সাংসদেরা এটি যৌক্তিক করার পরামর্শ দিয়েছেন। এ জন্য অকটেনের চেয়ে ডিজেলের দাম কম রাখা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে স্থানীয় বাজারে দাম বাড়ানো হবে। সাংসদেরা একটি বেঞ্চমার্ক রাখার পরামর্শ দিয়েছেন। মুহিত আরও বলেন, টাকার অবমূল্যায়ন রোধ করতে পারলে মূল্যস্ফীতি কমবে, এমন পরামর্শও পাওয়া গেছে। এ ছাড়া অভ্যন্তরীণ উৎপাদন হয়—এমন শিল্পে আমদানি নিরুৎসাহিত করা যেতে পারে। বৈঠকে শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, কয়লানীতি চূড়ান্ত করা, নারীনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।