দেশীয় উৎপাদকেরা চশমা শিল্পে অনেক পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখের প্রয়োজনের পাশাপাশি ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ চশমা এখন অনেকের কাছেই নিত্যপ্রয়োজনীয় একটি পণ্য। আর চশমার প্রধান উপকরণ ফ্রেম বা কাঠামোর ৯৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করা হয়।বাকি চাহিদা পূরণ করা হচ্ছে অল্প কয়েকজন দেশীয় উৎপাদকের প্রচেষ্টায়। জানা গেছে, বর্তমানে দেশে চারটি প্রতিষ্ঠান এখন অল্প পরিমাণে চশমার কাঠামো উৎপাদন করছে। তবে উৎপাদকেরা মনে করেন, সরকারের সহায়তা পেলে এ খাতে দেশি পণ্যের অবস্থান সুসংহত করা সম্ভব। বিদেশ থেকে আমদানি করা চশমার কাঠামোর প্রায় পুরোটাই আসে চীন থেকে। ব্যবসায়ীরা জানান, আমদানিনির্ভর চশমা খাতের বড় পাইকারি বাজার পুরান ঢাকার পাটুয়াটুলী ও চকবাজার এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ। এখান থেকেই সারা দেশের খুচরা বিক্রেতাদের কাছে চশমা ও আনুষঙ্গিক পণ্যসামগ্রী যায়। একসময় চশমার কাচও বাইরে থেকে আমদানি করা হতো। কিন্তু এখন বিদেশ থেকে শুধু ‘ব্লাঙ্ক’ কিনে এনে ফিনিশড অপটিক্যাল গ্লাস তৈরি করছে দেশীয় কয়েকটি প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই কাচ তৈরির ১০ থেকে ১২টি কারখানা আছে দেশে। আর সনাতন প্রযুক্তিতে অর্ধশতাধিক প্রতিষ্ঠান চশমার জন্য কাচ তৈরি করছে। বাংলাদেশ চশমাশিল্প ও বণিক সমিতির তথ্য অনুযায়ী, সমিতির নিবন্ধিত সদস্য আড়াই শ। তবে সারা দেশে প্রায় দুই হাজার চশমা বিক্রেতা প্রতিষ্ঠান আছে। আর চশমার কাঠামো আমদানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা পঞ্চাশের বেশি। এ খাতটির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছেন প্রায় এক লাখ মানুষ। প্রায় ২০০ কোটি টাকার বাজার আছে বলেও জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী বলেন, ‘প্রতিদিনই নিত্যনতুন ডিজাইনের চশমা উৎপাদন করছে বিদেশি প্রতিষ্ঠানগুলো। আমাদের সে ধরনের উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল না থাকায় পারছি না। এ কারণে নিম্নমানসম্পন্ন চশমাই উৎপাদন করতে হচ্ছে।’ সরকারের সহযোগিতা, কম সুদে ব্যাংকঋণ প্রাপ্তি ও আমলাতান্ত্রিক জটিলতামুক্ত ব্যবসা করার সুযোগ দিলে এ খাতটি দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারবে বলে উল্লেখ করেন তিনি।অন্যদিকে অভিযোগ আছে, আমদানি করা চশমার ক্ষেত্রে অনেক সময়ই অবিশ্বাস্য কম মূল্যে শুল্কায়ন করা হয়। যেমন: ২০০৯ সালে একবার মাত্র ১০ থেকে ১৫ সেন্টে (দেশীয় মুদ্রায় সাত থেকে ১০ টাকায়) আমদানি করা চশমার শুল্কায়নের ঘটনা চিহ্নিত করে কাস্টমস।