দেশীয় উৎপাদন থেকে কাপড়ের চাহিদার দুই-তৃতীয়াংশ মিটছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বর্তমানে কাপড়ের বার্ষিক চাহিদা ৩৬০ কোটি মিটার। এসব কাপড়ের মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, গামছা, তোয়ালে, বেডশিট, শাটিং-স্যুটিং প্রভৃতি। বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।কাপড় ব্যবসায়ীদের জাতীয় সমিতিটি আরও জানিয়েছে, চাহিদার প্রায় দুই-তৃতীয়াংশ দেশেই উৎপাদিত হচ্ছে, যার পরিমাণ ২২০ কোটি মিটার। আবার রপ্তানি হয় ৮০ থেকে ৯০ কোটি মিটার। ফলে দেশীয় চাহিদা মেটাতে এখনো আমদানি করতে হয় ১৪০ কোটি মিটার।সব মিলিয়ে দেশে কাপড়ের উৎপাদন ও বিপণন একটি বিরাট ব্যবসা হিসেবে সুপ্রতিষ্ঠিত। আর ঐতিহাসিকভাবে কাপড়ের ব্যবসার কেন্দ্রভূমি ছিল নারায়ণগঞ্জ। ১৯২৭ সালে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার তীরে গড়ে ওঠে ঢাকেশ্বরী কটন মিল, যা ছিল তৎকালীন পূর্ববঙ্গে প্রথম কম্পোজিট কলকারখানা। ১৯৩২ সালে লক্ষ্মী নারায়ণ কটন মিল, ১৯৩৮ সালে চিত্তরঞ্জন কটন মিল আর ১৯৪৬ সালে আদর্শ কটন মিল চালু হয় নারায়ণগঞ্জে। এসব মিলের সুতা ও কাপড় বিপণনে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে গড়ে ওঠা নারায়ণগঞ্জ শহর জমজমাট ব্যবসা কেন্দ্র্র হয়ে ওঠে। পাকিস্তান আমলেও নারায়ণগঞ্জে বেসরকারি খাতে গড়ে ওঠে মসলিন কটন মিল ও বাংলাদেশ টেক্সটাইল মিল (১৯৫৬), গাউছিয়া কটন মিল (১৯৬৩), মাওলা কটন মিল (১৯৬৯)। মিলের কাপড় কেনাবেচার পাশাপাশি সারা দেশের তাঁতিদের তৈরি তাঁতের কাপড়ের পাইকারি বাজারও ছিল নারায়ণগঞ্জে। আর গত দুই দশকে দেশীয় বস্ত্র ও কাপড়ের ব্যবসার মূল কেন্দ্র হয়েছে ঢাকার ইসলামপুর, রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া আর নরসিংদীর বাবুরহাট।ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির অধীনে নিবন্ধিত ছোট-বড় দোকান আছে প্রায় দুই হাজার। এর বাইরেও অন্তত তিন হাজার ছোট ও মাঝারি দোকান আছে বলে জানা যায়। প্রতিদিন এই বাজারে গড়ে ৫০-৬০ কোটি টাকার কাপড়ের ব্যবসা হয় বলে জানান ব্যবসায়ীরা। তবে ঈদের প্রাক্কালে তা কখনো শত কোটি টাকাতেও ওঠে। অনুমান করা হয়, বছরে ইসলামপুরে লেনদেন হয় ১৫ থেকে ১৭ হাজার ৫০০ কোটি টাকার। ব্যবসায়ীরা বলেন, এক দশক আগেও এখানকার ৮০ শতাংশ কাপড় ছিল বিদেশি। আর এখন বেশির ভাগই দেশি। দামে ও মানে ভালো হওয়ায় ক্রেতারা তাই এদিকেই বেশি ঝুঁকছেন। ইসলামপুর ছাড়াও ঢাকার সদরঘাট, নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনীচক ও মৌচাকে; নারায়ণগঞ্জের টানবাজার, কালীবাজার ও শায়েস্ত খাঁ সড়কের ফ্রেন্ডস মার্কেটে; এবং রূপগঞ্জের ভুলতায় অবস্থিত গাউছিয়া মার্কেটের শত শত দোকানে পাইকারি দরে দেশে উৎপাদিত শাড়ি, লুঙ্গি, গামছা, তোয়ালে, বেডশিট, শাটিং-স্যুটিং বিক্রি হচ্ছে। এ ছাড়া রূপগঞ্জের তারাবতে প্রতি সপ্তাহে জামদানির হাট বসে। টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জে গড়ে উঠেছে দেশি বস্ত্রের কারখানা।