দেশীয় কাপড়ের ব্যবসায় ঋদ্ধ ইসলামপুর
পরিধেয় পোশাক প্রস্তুত করার জন্যই হোক কিংবা ঘরের অন্দরসজ্জায় ব্যবহারের জন্যই হোক, কাপড়ের খোঁজ করা মানেই পুরান ঢাকার ইসলামপুর। আর এসব কাপড়ের বড় অংশই তৈরি হয় দেশি মিলকারখানায়। একটা সময় ছিল, যখন ইসলামপুরের কাপড়ের পাইকারি বাজারে রাজত্ব করত মূলত আমদানি করা বিদেশি কাপড়। তবে সেই সময় বদলে গেছে। এক যুগের ব্যবধানে এখন ইসলামপুরের কাপড়ের বাজারের বড় অংশই দেশীয় কাপড়ের দখলে।সালোয়ার-কামিজ, শার্ট-প্যান্ট, শাড়ি-লুঙ্গির কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের থান ও গজকাপড়ের সম্ভারে ইসলামপুর এখন দেশের বৃহত্তম কাপড়ের বাজার। দেশীয় কাপড়ের পাশাপাশি বিদেশি খ্যাত-অখ্যাত ব্র্যান্ডের কাপড়ও পাওয়া যায় এখানে। মুঘল আমলে বাংলার সুবাদার ইসলাম খাঁ চিশতির নামানুসারে এই এলাকাটির নামকরণ হয়েছে ইসলামপুর। কোম্পানি আমলের ১৭৭৩ সাল থেকে এখানে পাইকারি কাপড়ের ব্যবসা শুরু হয়। তবে তার আগে ইসলামপুরে ফলের ব্যবসাই ছিল প্রধান। সে জন্য এলাকাটিকে আমপট্টি বলা হতো। ঐতিহাসিক বিবেচনায় তাই ইসলামপুর বাংলাদেশের কাপড়ের ব্যবসার সবচেয়ে প্রাচীন কেন্দ্র। দেশের কাপড়ের অপর দুই বৃহৎ পাইকারি বাজার নরসিংদীর বাবুরহাট এবং রূপগঞ্জের ভুলতা-গাউছিয়ার চেয়ে ইসলামপুরে কাপড়ের বৈচিত্র্য অপেক্ষাকৃত বেশি বলে বছরজুড়ে সারা দেশ থেকেই দেশের ব্যবসায়ী ও ক্রেতারা আসেন এখানে। আর ঈদসহ বিভিন্ন উৎসব সামনে রেখে তাঁদের আনাগোনা বাড়ে।তবে শুধু ব্যবসায়ীরাই আসেন না, দেশের বিভিন্ন এলাকায় কাপড়ের খুচরা বিক্রেতা ও পোশাক প্রস্তুতকারকদেরও চাহিদামতো কাপড় পৌঁছে দেওয়ার ব্যবস্থা ধীরে ধীরে গড়ে উঠছে ইসলামপুর থেকে।ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির অধীনে নিবন্ধিত ছোট-বড় দোকান আছে প্রায় দুই হাজার। এর বাইরেও অন্তত তিন হাজার ছোট ও মাঝারি দোকান আছে বলে জানা যায়। প্রতিদিন এই বাজারে গড়ে ৫০-৬০ কোটি টাকার কাপড়ের ব্যবসা হয় বলে জানান ব্যবসায়ীরা। তবে ঈদের প্রাক্কালে তা কখনো শত কোটি টাকাতেও ওঠে। অবশ্য সারা বছরই একই হারে বিকিকিনি হয় না। বিশেষ করে, রমজানের পর থেকে কোরবানির ঈদের কিছুদিন পর পর্যন্ত প্রায় চার মাস তেমন একটা ব্যবসা হয় না। অনেকে ব্যবসায়ী এ সময় দোকান বন্ধ রাখেন বলে জানান। সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া না গেলেও অনুমান করা যায় যে বছরে ইসলামপুরের লেনদেন ১৫ থেকে ১৭ হাজার ৫০০ কোটি টাকার। তবে প্রকৃত লেনদেন এর চেয়ে বেশি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে জানান একাধিক ব্যবসায়ী।ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মাসুদুর রহমান সোহেল প্রথম আলোকে বলেন, ‘এক দশক আগেও এখানকার ৮০ শতাংশ কাপড় ছিল বিদেশি। আর এখন বেশির ভাগই দেশি। দামে ও মানে ভালো হওয়ায় ক্রেতারা তাই এই দিকেই বেশি ঝুঁকছেন।’ সোহেল আরও বলেন, ‘এখানকার ব্যবসায়ীরা শুধু দেশের ভেতরই কাপড় জোগান দেন না বরং দেশের বাইরেও রপ্তানি করা হয়। মেয়েদের পোশাকের থ্রি-পিস আমেরিকা, সৌদি আরব ও কানাডায় এবং শার্ট-প্যান্টের কাপড় আমেরিকা, জার্মানি, জাপান ও অস্ট্রেলিয়ায় রপ্তানি করা হয় বলে তিনি জানান। তবে এর পরিমাণ তেমন নয়। ঈদ সামনে রেখে ইসলামপুরে কর্মব্যস্ততাটা থাকে মূলত রমজান আসার আগেই। ব্যবসায়ীরা জানান, ঈদের মূল বিকিকিনি ও ব্যস্ততা রমজান আসার আগেই শেষ হয়ে যায়। তার পরও রমজান মাসের অর্ধেকের বেশি সময়জুড়ে মোটামুটি ব্যস্ততা থাকে। ইসলামপুরের এক কাপড় ব্যবসায়ী বলেন, ‘রোজার আগেই সারা দেশের ক্রেতারা ঈদের প্রয়োজনীয় কাপড় কিনে নিয়ে গেছেন। এখন মূলত বকেয়া টাকা সংগ্রহ করছেন ব্যবসায়ীরা।’ সরেজমিনে অলিগলি পথঘেরা বিস্তৃত এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখা গেল, ঢাকার নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনীচক, মিরপুর, ধানমন্ডি, মগবাজার, সদরঘাটসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ও খুচরা বিক্রেতারা আসছেন কাপড় কিনতে। দেশের প্রতিষ্ঠিত বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের জন্য কাপড়ও যায় এখান থেকেই। প্রায় প্রতি মাসেই মৌলভীবাজার থেকে ইসলামপুরে কাপড় কিনতে আসেন নকশী ফেব্রিকসের স্বত্বাধিকারী সজল দাশ। তিনি বলেন, ‘প্রয়োজনীয় সব কাপড় পাওয়া যায় এখানে। দাম তুলনামূলক কম। মানও ভালো।’ ইসলামপুরের ব্যবসায়ীরা জানান, এখনো ভারত ও চীনের কাপড়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। দামে কম ও নকশায় বৈচিত্র্য থাকায় ক্রেতাদের এক বিরাট অংশ ওই দিকেই ঝুঁকে আছে। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মানসম্মত কাপড় এখন দেশেই তৈরি হচ্ছে। তাই এখন ৪০০ থেকে চার হাজার টাকা মূল্যের থ্রি-পিস মেলে ইসলামপুরে। জানা গেছে, প্রতিযোগিতায় টিকে থাকতে অনেক ক্ষেত্রেই দেশের বিভিন্ন কারখানায় কাপড় তৈরির পর তা সীমান্তবর্তী এলাকায় পাঠানো হয়। সেখানে ভারতীয় কারিগরদের দিয়ে কারচুপির কাজ করা হয়। তারপর এসব কাপড়ই ভারতীয় কাপড় হিসেবে বিকোয় বাজারে। তবে দেশীয় কারিগর ও শিল্পীরাও দেশের বিভিন্ন স্থানে এসব কাপড়ের নকশা-কারচুপির কাজ করছেন। পাইকারি এই বিশাল বাজার ঘিরে বিভিন্ন পর্যায়ে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে বিরাট এক গোষ্ঠী হচ্ছে শ্রমিক, যাঁরা মাথায় বা ট্রলিতে করে কাপড় নামানো-ওঠানোর কাজ করেন। এ রকমই একজন পটুয়াখালীর সুরুজ মিয়া। ১০ বছর ধরে ইসলামপুর কাপড়ের বাজারে শ্রমিকের কাজ করছেন তিনি। সুরুজ মিয়া বলেন, প্রতি এক হাজার গজ কাপড় আনা-নেওয়া করলে ২৫ টাকা পাওয়া যায়। সেই হিসাবে মাসে কখনো ছয় থেকে সাত হাজার টাকা পর্যন্ত আয় হয়। পাইকারি বাজারের পাশাপাশি এখানে খুচরা দোকানও গড়ে উঠেছে। চায়না মার্কেটের সামনে ফুটপাতে রয়েছে শতাধিক খুচরা দোকান। এখান থেকে নিজের ইচ্ছেমতো কাপড় কিনে যে কেউ সালোয়ার-কামিজ, শার্ট-প্যান্ট ইত্যাদি তৈরি করাতে পারেন কাছাকাছি থাকা দর্জির দোকানগুলোয়। একটি বেসরকারি মুঠোফোন প্রতিষ্ঠানে চাকরিজীবী মাজেদ ইসলাম বলেন, ‘ব্র্যান্ডের পোশাকে যে কাপড় ব্যবহার করা হয়, তার সবই এখানে পাওয়া যায়। তাই একটু কষ্ট হলেও এখান থেকেই কাপড় কিনে দর্জির কাছ থেকে সেলাই করে নিই। তাতে অনেক টাকা বেঁচে যায়।’ব্যবসায়ীরা জানান, চাহিদামতো কার্যাদেশ দিয়ে মূলত নরসিংদীর মাধবদী ও বাবুরহাট, ঢাকার সাভার, কুমিল্লার দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের বিভিন্ন মিল থেকে কাপড় তৈরি করিয়ে আনেন তাঁরা। এ ক্ষেত্রে মিলমালিকদের কমপক্ষে ১০ হাজার মিটার কাপড় তৈরির কার্যাদেশ দিতে হবে। তৈরি থেকে শুরু করে এমব্রয়ডারি ও কারচুপিসহ সব কাজ শেষ করে বিক্রির উপযোগী কাপড় পেতে দেড় থেকে তিন মাস সময় লাগে।ঢাকার বাইরে থেকে কাপড় কিনতে আসা একাধিক ব্যবসায়ী জানান, ইসলামপুর সড়কটি খুবই সরু। সারা দিনই যানজট লেগে থাকে। ফলে এখানে কাপড় কিনতে গেলে সারা দিন লেগে যায়। এ ছাড়া সামান্য বৃষ্টিতেই কাদা পানি কিংবা জলাবদ্ধতার কারণে খুবই বিড়ম্বনায় পড়তে হয়। ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির এক নেতা বলেন, দেশের বৃহত্তম কাপড়ের পাইকারি বাজার হওয়ার পরও সরকারের এদিকে কোনো দৃষ্টি নেই। রাস্তার ওপর যেমন পার্কিংয়ের ব্যবস্থা নেই, তেমনি কোনো ভবনেও এই সুযোগ নেই। নতুন বহুতল ভবনের নিচে পার্কিংয়ের জায়গায়ও দোকান করা হয়েছে। তাই ক্রেতা, বিক্রেতা কিংবা পথচারী সবার কাছেই ইসলামপুর যেন একটি আতঙ্কের নাম। আবার ইসলামপুরের পাইকারি বাজার ঘিরে সদরঘাট এলাকাতেও কাপড়ের বড়সড় একটি বাজার গড়ে উঠেছে। এখানে পোশাকের বিভিন্ন অনুষঙ্গ যেমন সুতা, বোতাম, হ্যাঙ্গারসহ দর্জি কাজের অন্যান্য সামগ্রী পাইকারি বিক্রি হয় । একই সঙ্গে পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি, জামা, প্যান্টসহ সব ধরনের তৈরি পোশাক ও কাপড় বিক্রি হয় এখানে।