দেশীয় চা-শিল্পে বড় সংকটের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে ৫ শতাংশ করারোপের কারণে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাপ্তাহিক চা নিলাম বাজারে গতকাল মঙ্গলবারও কোনো বেচাকেনা হয়নি। একই কারণে এ নিয়ে পরপর দুটি সাপ্তাহিক নিলাম বাজারে চা-পাতা বেচাকেনা বন্ধ থাকল। এর ফলে বিভিন্ন বাগানে অবিক্রীত চা-পাতার মজুদ সৃষ্টি হয়েছে প্রায় সাড়ে ৩০ লাখ কেজি বা সাড়ে তিন হাজার টন। এতে মজুদ চা-পাতার গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাগান-মালিকেরা মনে করছেন, এভাবে নিলামে বেচাকেনা বন্ধ থাকলে দেশের চা-বাগান শিল্পে নতুন সংকট সৃষ্টি হবে। কারণ, নিলামে বিক্রির টাকা দিয়ে বাগানের চা শ্রমিক-কর্মচারীদের সাপ্তাহিক মজুরি পরিশোধ করতে হয়। এ ছাড়া প্রতি সপ্তাহে বাগান-মালিকদের কৃষি ব্যাংকের ঋণের টাকাও সমন্বয় হয় সাপ্তাহিক নিলামে চা বিক্রির টাকা থেকে।আবার বাগানের কচি চা-পাতা সময়মতো না তুললে সেগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়। ফলে সময়মতো চা-পাতা তোলা এবং তা প্রক্রিয়াজাত করে নিলাম বাজারের মাধ্যমে বিক্রি না হলে সামগ্রিকভাবে চা উৎপাদন কমে যায়। চা-বাগান মালিকদের সমিতি ‘বাংলাদেশি চা সংসদের’ চেয়ারম্যান সাফওয়ান চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৯৪৮ সালে নিলাম শুরুর পর থেকে বাগান-মালিকেরা এ রকম পরিস্থিতিতে আগে কখনো পড়েননি। তিনি বলেন, বাগানে উৎপাদিত চা ক্রেতা-বিক্রেতা পর্যায়ে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নিলাম বাজার। নিলাম বন্ধ থাকলে বাজারে চা সরবরাহ সংকট দেখা দেবে, যা মেটানোর জন্য বেশি করে চা আমদানি হবে। ফলে দেশীয় চায়ের বাজার ক্ষতিগ্রস্ত হবে। কমছে রপ্তানি, বাড়ছে আমদানি: বাংলাদেশ চা বোর্ডের হিসাবে দেখা যায়, সারা দেশে চা-বাগান রয়েছে ১৬৩টি। এসব বাগানে বছরে উৎপাদিত হয় ৫৮ থেকে ৬০ কোটি কেজি বা ছয় লাখ টন। অন্যদিকে ১০ বছর আগেও উৎপাদিত চা দিয়ে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা হতো এক থেকে দুই কোটি কেজি চা। এ থেকে রপ্তানি আয় হতো ১০০ কোটি টাকার বেশি।কিন্তু জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে দেশে চা-পাতার উৎপাদন বাড়েনি। এ কারণে রপ্তানিমুখী পণ্য চা এখন আমদানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে। বাংলাদেশ চা বোর্ডের হিসাবে সদ্য সমাপ্ত অর্থবছরে প্রায় ৫৫ হাজার কেজি চা আমদানি হয়েছে। অথচ ২০০৫ সালে ৯০ লাখ কেজি চা রপ্তানি করে বাংলাদেশ আয় করেছিল ৭৪ কোটি ২১ লাখ টাকা।হিসাবমতে, উৎপাদন কমে যাওয়ায় ২০০৬ সাল থেকে চা রপ্তানি কমতে শুরু করে। এ বছর পাঁচ কোটি ৩৪ লাখ কেজি চা উৎপাদিত হলেও রপ্তানি হয় ৪০ লাখ ৮০ হাজার কেজি। পরের বছর (২০০৭ সালে) উৎপাদন সামান্য বেড়ে পাঁচ কোটি ৮০ লাখ ৬৫ হাজার কেজি হয়। এ বছর রপ্তানি বেড়ে হয় এক কোটি কেজির বেশি। কিন্তু ২০০৮ সাল থেকে রপ্তানির পরিমাণ আশঙ্কাজনকভাবে হ্রাস পায়। এ বছর পাঁচ কোটি ৮০ লাখ ৬৫ হাজার কেজি উৎপাদিত হলেও রপ্তানি ছিল মাত্র ৮০ লাখ ৩৯ হাজার কেজি। ২০০৯ এবং ২০১০ সালে চা রপ্তানি আরও কমে যথাক্রমে ৩০ লাখ ১৫ হাজার ও ৯০ হাজার কেজিতে দাঁড়ায়। চলতি বছর চা রপ্তানি আরও কমে গিয়ে আমদানি বাড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। অবশ্য ঘাটতি মেটাতে যে চা আমদানি হচ্ছে, সেটা মানতে রাজি নন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মাহবুবুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, দেশে যে পরিমাণ চা উৎপন্ন হচ্ছে, তা দিয়ে দেশের চাহিদা মেটানো সম্ভব। আমদানি হচ্ছে মুক্তবাজার অর্থনীতির কারণে। বিশ্বের যেসব জায়গায় বাংলাদেশের তুলনায় সস্তা দামে চা পাওয়া যাচ্ছে, সেখান থেকে চা আমদানি হবেই।নতুন করে দাম বাড়বে: এদিকে চলতি অর্থবছরের বাজেটে চা-পাতার নিলাম মূল্যের ওপর নতুন করে ৫ শতাংশ অগ্রিম আয়কর বসানো হয়েছে। এতে নিলাম-পরবর্তী চা বিক্রিতে মোট করের হার দাঁড়ায় ২২ শতাংশ। বর্তমানে নিলামের পর ক্রেতারা ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং পরে খুচরা পর্যায়ে বিক্রির সময় আরও ২ শতাংশ বিক্রয় কর দিচ্ছেন। অতিরিক্ত ৫ শতাংশ অগ্রিম আয়কর দিতে হলে নিলাম বাজার থেকে ছোটখাটো এবং মাঝারি পর্যায়ে পাইকারি ক্রেতারা হারিয়ে যাবেন বলেও আশঙ্কা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। এ প্রসঙ্গে মাঝারি ব্যবসায়ী ঢাকার জালালাবাদ টি ট্রেডার্সের মালিক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা নিলাম বাজার থেকে ২০০-৩০০ পেটি চা কিনে তা খুচরা দোকানদারের কাছে বিক্রি করি। ৫ শতাংশ করে অতিরিক্ত কর দিতে হলে প্রতি সাপ্তাহিক নিলামে এ জন্য আমাদের বাড়তি বিনিয়োগ করতে হবে ৮৫ হাজার থেকে এক লাখ টাকা। সে হিসাবে মাসে বাড়তি ব্যয় করতে হবে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা। আমাদের মতো ব্যবসায়ীদের পক্ষে এত বেশি বিনিয়োগ করে টিকে থাকা সম্ভব নয়।’কারণ হিসেবে তিনি জানান, নিলাম বাজার থেকে কেনা চা বিক্রি করতে অনেক সময় তাঁদের পাঁচ-ছয় মাসও লেগে যায়। এ কারণে তাঁরা অতিরিক্ত ৫ শতাংশ কর প্রত্যাহার না করা পর্যন্ত নিলাম বাজার থেকে চা কিনছেন না।