দেশীয় টাইলসের বাজার বাড়ছে

আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনের সৌন্দর্য ও স্থায়িত্ব বাড়াতে চীনামাটির টাইলসের ব্যবহার এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। ভবনের মেঝে থেকে শুরু করে বাইরের অংশের দেয়াল, এমনকি সীমানাপ্রাচীরেও টাইলসের ব্যবহার চোখে পড়ে। সাশ্রয়ী মূল্য ও টেকসই হওয়ায় মানুষ দিন দিন টাইলস ব্যবহারে আগ্রহী হচ্ছেন।
এক দশক আগেও দেশের টাইলসের বাজার ছিল আমদানিনির্ভর। কিন্তু এখন চিত্র পাল্টে গেছে। দেশীয় টাইলস দিয়েই এখন চাহিদার ৭৫ শতাংশের বেশি পূরণ হচ্ছে। গ্যাসসহ অবকাঠামোগত সুবিধা বাড়ানো হলে দেশের চাহিদা সম্পূর্ণভাবে মিটিয়ে আগামী পাঁচ বছরে এটি রপ্তানিমুখী শিল্পে পরিণত হতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা।
দেশে টাইলসের ব্যবহার যে বাড়ছে, তা এর উৎপাদক ও ব্যবহারকারী সবাই স্বীকার করছেন। বাংলাদেশ সিরামিক ওয়্যারস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিডব্লিইএমএ) ও আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাব বলছে, নির্মাণকাজে সিরামিক টাইলসের ব্যবহার এখন অনেকটা একচেটিয়া।
রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘শুধু আমাদের নির্মিত ভবনগুলোতেই যে টাইলস ব্যবহার হচ্ছে তা না, ব্যক্তিপর্যায়ে যেসব পাকা বাড়ি বা বাণিজ্যিক ভবন তৈরি হচ্ছে, সেগুলোতেও এখন টাইলস ব্যবহৃত হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের কাঁচা বাড়িগুলোতেও ভাঙা টাইলস দিয়ে জোড়া দেওয়া মেঝে দেখতে পাবেন।’
বিসিডব্লিইএমএর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে ১৭টি প্রতিষ্ঠান টাইলস উৎপাদন করছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্যুলেটর অ্যান্ড সেনিটারি ওয়্যার ফ্যাক্টরি (বিআইএসএফ) দেশে ১৯৭৭ সালে প্রথম সিরামিক টাইলস ও সেনিটারিপণ্য বানানো শুরু করে। আর বেসরকারিভাবে ১৯৯৩ সালে মধুমতি সিরামিকস প্রথম এ খাতে বিনিয়োগ করে। এরপর তাইওয়ানের বিনিয়োগে ফু-ওয়াং সিরামিক, সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগে আরএকে সিরামিকস, চায়না-বাংলা সিরামিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান টাইলস উৎপাদন শুরু করে। বসুন্ধরা, প্রাণ-আরএফএল এবং পারটেক্সের মতো বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানও এ খাতে বিনিয়োগ করছে। শিগগিরই তারা উৎপাদনে যাবে। গেল ২০১৩-১৪ অর্থবছরে টাইলসশিল্পে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৫০০ কোটি টাকা।
সংগঠনটির হিসাবে, দেশে গত অর্থবছরে দুই হাজার ৪২৫ কোটি টাকার টাইলস বিক্রি হয়েছে। এর মধ্যে দেশীয় উৎপাদকদের তৈরি টাইলস বিক্রি হয়েছে এক হাজার ৮৫০ কোটি টাকার। বিক্রির হিসাবে দেশীয় প্রতিষ্ঠানগুলোর দখলে রয়েছে বাজারের ৭৬ শতাংশ। একই সময়ে আমদানি হওয়া টাইলস বিক্রি হয় ৫৭৫ কোটি টাকার, যা মোট বাজারের ২৩ দশমিক ৭১ শতাংশ।
গত পাঁচ বছরে দেশে আমদানি হওয়া টাইলসের বাজার খুব একটা বাড়েনি। আমদানি হওয়া টাইলসের ৯০ শতাংশই আসে চীন থেকে। পাশাপাশি স্পেন, হংকং, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকেও টাইলস আমদানি হয়।
দেশের টাইলসের বাজারে অল্প সময়েই শক্ত অবস্থান করে নিয়েছে স্টার সিরামিকস। লেবানন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ২০১২ সালে উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। সিলেটের হবিগঞ্জে নয় লাখ ৫৭ হাজার বর্গফুটের কারখানা স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। এটির বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান সৈয়দ আলী আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘মানুষের চাহিদার কথা ভেবে আমরা টাইলসে জামদানি, বাঁশপাতার মতো দেশীয় ঐতিহ্যকে ব্যবহার করছি, যা ইতিমধ্যেই ভালো সাড়া পেয়েছে।’
দেশের টাইলসের বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আরএকে সিরামিকস। ১৯৯৮ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক সারোয়ার জাহান বলেন, ‘আমরা গত ১৬ বছরে তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি। বছরে টাইলস বিক্রি থেকে আয় হয় ৬০০ থেকে ৬৫০ কোটি টাকা।’
জানা গেছে, টাইলসের কাঁচামালের বেশির ভাগ উপাদানই আমদানিনির্ভর। টাইলসের মাটি ও সিলিকা বালু যথাক্রমে ময়মনসিংহ ও সিলেট থেকে সংগ্রহ করা হলেও বোন অ্যাশ, অ্যালুমিরা বল থেকে শুরু করে উৎপাদনে প্রয়োজনীয় প্রায় সব যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হয়।
অল্প পরিসরে হলেও টাইলসের রপ্তানি ক্রমেই বাড়ছে। ২০১৩-১৪ অর্থবছরে এ দেশ থেকে টাইলস রপ্তানি হয়েছে ১২ কোটি টাকার। আগের অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল নয় কোটি টাকা। এক বছরে রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশ।
উদ্যোক্তারা বলছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য, ভুটান ও নেপালে টাইলস রপ্তানির বড় সুযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে তৈরি পোশাকের মতো নগদ অর্থসহায়তাসহ প্রণোদনা পেলে রপ্তানি বাড়ানোর সুযোগ আছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার প্রবেশাধিকার-সুবিধা (জিএসপি) ফিরে পেলে ওই বাজারেও রপ্তানি বাড়বে।
খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশীয় উৎপাদকদের উৎপাদনক্ষমতার পুরোটা ব্যবহার করা গেলে আগামী চার বছরের মধ্যেই দেশীয় টাইলস স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। আমদানির প্রয়োজন পড়বে না। তবে গ্যাস-সংকট এ ক্ষেত্রে বড় সমস্যা। অনেক প্রতিষ্ঠান শুধু গ্যাসের সংযোগ না পাওয়ায় উৎপাদন শুরু করতে পারছে না। এমনই একটি প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ২০১০ সালে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ সব প্রস্তুতি শেষ করলেও গ্যাসের সংযোগ না পাওয়ায় এখনো উৎপাদনে যেতে পারেনি।
বিসিডব্লিইএমএর সচিব জাহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, টাইলস উৎপাদন একটি গ্যাসনির্ভর শিল্প। বর্তমানে গ্যাসের সংকটের কারণে উৎপাদনকাজ ব্যাহত হচ্ছে। সরকারের উচিত অগ্রাধিকার ভিত্তিতে সম্ভাবনাময় এ খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী সিরামিকপণ্যের বাজার এখন প্রায় চার হাজার ১২৭ কোটি ডলারের। এর মধ্যে বাংলাদেশ মাত্র শূন্য দশমিক ৯৭ শতাংশ, অর্থাৎ চার কোটি ৪০ লাখ ডলারের পণ্য জোগান দেয়।
দেশে টাইলসের সবচেয়ে বড় বাজার ঢাকার হাতিরপুল। সেখানে ছোট-বড় কয়েক শ দোকানে খুচরা ও পাইকারি পর্যায়ে টাইলস বিক্রি হয়। এ ছাড়া মিরপুর, উত্তরা, গ্রিনরোড, যাত্রাবাড়ী, কুড়িল বিশ্বরোড ও রামপুরা এলাকায় টাইলসের বাজার রয়েছে। ঢাকার বাইরে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়েও পরিবেশকের মাধ্যমে টাইলস বিক্রি করে থাকে টাইলস প্রতিষ্ঠানগুলো। টাইলস বিক্রি হয় প্রতি বর্গফুট হিসাবে। খুচরা পর্যায়ে প্রতি বর্গফুট ২৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত দেয়াল ও মেঝের টাইলস বিক্রি হয়। তবে আমদানি করা টাইলস বিক্রি হয় প্রতি বর্গফুট সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত।
সরকারি প্রতিষ্ঠান বিআইএসএফ ১৯৭৭ সালে প্রথম দেশে সিরামিক টাইলস তৈরি শুরু করে
দেশীয় উৎপাদন দিয়েই এখন অভ্যন্তরীণ চাহিদার ৭৫ শতাংশের বেশি পূরণ হচ্ছে
৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে