দেশীয় পরীক্ষাগারের বিশ্ব স্বীকৃতি জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় পণ্যের গুণগতমান আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে হলে দরকার আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা অর্জন। এ জন্য মান সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও পরীক্ষাগারগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া জরুরি।এ লক্ষ্যে শিল্প উদ্যোক্তা, গবেষক, মাননির্ধারক, মাননিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সবার মধ্যে অ্যাক্রিডিটেশন বা প্রত্যয়নবিষয়ক ধারণার ব্যাপক প্রসার ঘটাতে হবে।গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার (ডিসিসিআই) মিলনায়তনে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) এবং ডিসিসিআই আয়োজিত ‘অ্যাক্রিডিটেশন: পণ্যের মাননিয়ন্ত্রকের কাজে সহায়তা প্রদান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি ছিলেন।বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের (বিএবি) চেয়ারম্যান মইনুদ্দিন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন বিএবির মহাপরিচালক আবু আবদুল্লাহ, বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ, বারডেমের পরিচালক শুভাগত চৌধুরী প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কিউ এ রাজিউল হক।দিলীপ বড়ুয়া বলেন, বাংলাদেশে এখনো বিভিন্ন পর্যায়ে অ্যাক্রিডিটেশন-সম্পর্কিত জ্ঞানের স্বল্পতা রয়েছে। এর ফলে মাননিয়ন্ত্রকেরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক সময় উদ্যোক্তাদের প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হন। শিল্পায়নের স্বার্থে এ ধরনের নেতিবাচক ধারণা দূর করা প্রয়োজন। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ বিষয়ে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, বাংলাদেশি রপ্তানি পণ্যের অ্যাক্রিডিটেশন করা না গেলে বিশ্ববাজারে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় পরীক্ষাগারগুলোর আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশন অর্জন সম্ভব হলে ব্যবসার ব্যয় কমানোর পাশাপাশি বিদেশি ক্রেতা-ভোক্তাদের আস্থা অর্জন সহজ হবে। বস্ত্র খাতে নমুনা পরীক্ষণ ফি হিসেবে প্রচুর অর্থ বিদেশে চলে যাচ্ছে উল্লেখ করে তাঁরা এর প্রতিরোধে বিএসটিআইয়ের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন।