দেশীয় পাটকলে পণ্যের স্তূপ

বিশ্ববাজারে বাংলাদেশে তৈরি পাটজাত পণ্যের রপ্তানি বছর খানেক ধরেই কমছে। তাই পাটকলমালিকদের ভরসা ছিল দেশের অভ্যন্তরীণ বাজার। কিন্তু দেশে পাটপণ্যের বিক্রি তো বাড়েইনি, উল্টো কমে গেছে। ফলে পাটকলগুলোতে এখন পণ্যের স্তূপ জমে গেছে।
সরকারি সংস্থা পাট অধিদপ্তর বলছে, গেল ২০১৩-১৪ অর্থবছর শেষে দেশের পাটকলগুলোতে পাটপণ্যের মজুত দাঁড়িয়েছে এক লাখ ৬৯ হাজার ২১০ টনে। আগের অর্থবছর শেষে মজুত ছিল এক লাখ চার হাজার ২৭৬ টন পাটপণ্য।
অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কেফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, একদিকে পাটজাত পণ্যের রপ্তানি কমেছে, অন্যদিকে দেশেও এসব পণ্যের বিক্রি কমেছে। সে কারণে পাটকলগুলোতে পণ্য জমে গেছে। এসব পাটপণ্য যদি দেশেই বেশি ব্যবহৃত হতো, তাহলে সম্ভাবনাময় এই খাতটিকে সমস্যায় পড়তে হতো না। তিনি বলেন, দেশে পাটপণ্যের চাহিদা বেশ ভালো। কিন্তু কৃত্রিম পণ্যের (প্লাস্টিকের বস্তা) কারণে সেসব পণ্যের ব্যবহার কম। সরকার যে ছয়টি পণ্যে (ধান, চাল, গম, ভূট্টা, চিনি ও সার) পাটের বস্তা ব্যবহারের কথা বলেছে, সেটা যদি বাস্তবায়িত হতো, তাহলে সেখান থেকেই পাটকলগুলোর বছরে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা আসত।
পাটকলমালিকেরা বলছেন, ভারতে উৎপাদিত পাটপণ্যের ৮০ শতাংশের বেশি সে দেশেই ব্যবহৃত হয়। তবে দেশের চিত্র পুরোই উল্টো। দেশীয় পাটপণ্য প্রায় পুরোপুরিই রপ্তানিমুখী। আবার দেশেও এসব পণ্যের ব্যবহার বাড়ানো যাচ্ছে না। ফলে রপ্তানি কমে গেলে এ খাত সমস্যায় পড়ে যায়।
পাট অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের পাটকলগুলোতে ৯৪ হাজার ৩৭৪ টন পাটের বস্তা পড়ে আছে। আর পাট-সুতা জমেছে ৫০ হাজার ৪৮৯ টন। হেসিয়ান জমেছে ১৯ হাজার ৭৩৫ টন। এর বাইরে কার্পেট ব্যাকিং ক্লথ (সিবিসি) দুই হাজার ১০৩ টন, কার্পেট ১৬ টন এবং অন্যান্য পণ্য জমে আছে দুই হাজার ৪৯১ টন।
কমেছে রপ্তানি: অধিদপ্তর বলছে, ২০১২-১৩ অর্থবছরে এ দেশ থেকে যেখানে বিভিন্ন ধরনের পাটপণ্য রপ্তানি হয়েছিল আট লাখ ৬৭ হাজার ৭৭৭ টন, গত বছর তা কমে দাঁড়িয়েছে আট লাখ আট হাজার ৩৮৬ টনে। আর রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বলছে, ২০১২-১৩ অর্থবছরে পাটপণ্য রপ্তানি করে ৮০ কোটি ডলার আয় হলেও গত বছর তা কমে দাঁড়িয়েছে ৭০ কোটি ডলারে।
এ দেশ থেকে যত পাটপণ্য রপ্তানি হয় তার অর্ধেকই পাটের সুতা। এই সুতার ৮০ শতাংশই কার্পেট তৈরিতে ব্যবহৃত হয়। দেশের পাট-সুতার প্রধান রপ্তানি বাজার তুরস্ক। মোট রপ্তানির ৪০ শতাংশই যায় দেশটিতে। এরপর চীন, ভারত, ইরান, মিসর, ইন্দোনেশিয়া এবং বেলজিয়াম।
রপ্তানিকারকেরা বলছেন, সুতার বড় বাজার তুরস্কে রপ্তানি বেশ কমে গেছে। সিরিয়ায় দুই বছর আগেও প্রচুর সুতা রপ্তানি হতো। গৃহযুদ্ধের কারণে এখন হচ্ছে খুবই কম। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে ইরানেও। তবে গত বছর ভারত ও চীনে সুতার রপ্তানি বেড়েছিল। সম্প্রতি এ দুটি দেশেও রপ্তানি কমে গেছে।
গেল অর্থবছরে সব ধরনের পাটপণ্যের রপ্তানি কমলেও পাট-সুতার রপ্তানি কমেনি। বেড়েছিল আগের বছরের চেয়ে পাঁচ শতাংশ। তবে ইপিবির হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে পাট-সুতার রপ্তানিও কমেছে ১৫ শতাংশ। রপ্তানি হয়েছে প্রায় চার কোটি ডলারের সুতা। আগের বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল চার কোটি ৭০ লাখ ডলারের সুতা।
দেশের ৯৬টি সুতাকল এখন পাট-সুতাকলমালিকদের সংগঠন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) সদস্য। বিজেএসএর মহাসচিব শহিদুল করিম প্রথম আলোকে বলেন, ‘কার্পেটের চাহিদা কমে যাওয়াই আমাদের সুতার রপ্তানি কমে যাওয়ার বড় কারণ। তুরস্কের কার্পেট রপ্তানি হয় মধ্যপ্রাচ্য এবং ইউরোপে। মধ্যপ্রাচ্যে আগে থেকেই অস্থিরতা চলছিল। এখন রাশিয়ার সঙ্গে ইউরোপের টানাপোড়েনে ওই বাজারের অবস্থাও ভালো না। ফলে তুরস্ক ছাড়াও মিসর, ইন্দোনেশিয়ার মতো কার্পেট উৎপাদনকারী দেশগুলো সুতা আমদানি কমিয়ে দিয়েছে।’
সরকারি ২৬টি পাটকলের তত্ত্বাবধান করে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)। সরকারি এই সংস্থাটির সূত্র বলছে, তাদের কাছে বর্তমানে প্রায় দেড় লাখ টন পাটপণ্য জমে আছে। এর মূল্য আনুমানিক ৫৫০ কোটি থেকে ৬০০ কোটি টাকা।
বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের মিলগুলোতে সব মিলিয়ে ৮০ হাজার শ্রমিক-কর্মচারী আছেন। পাটজাত পণ্যের বেচাকেনা এমন অবস্থায় পৌঁছেছে যে সবার বেতন একসঙ্গে দিতে পারি না।’
হুমায়ুন খালেদ বলেন, প্রধান রপ্তানিকারী দেশগুলোতে নানা অস্থিরতার কারণে রপ্তানি মারাত্মকভাবে কমে গেছে। মূল্য ছাড় দিয়েও আন্তর্জাতিক ক্রেতাদের পাটপণ্য কেনানো যাচ্ছে না।
বিক্রি কমেছে দেশেও: পাট অধিদপ্তর বলছে, গেল বছর দেশে পাটজাত পণ্য বিক্রি হয়েছে এক লাখ ছয় হাজার ৮১৩ টন। আগের বছর দেশে ব্যবহৃত হয়েছিল এক লাখ ১৩ হাজার ৩০৯ টন পণ্য।
দেশে বেশি বিক্রি হয় পাটের বস্তা। গত বছর বস্তা বিক্রি হয়েছে ৬৯ হাজার ৭০৭ টন। তবে বস্তার বিক্রি কয়েক গুণ বাড়ানো সম্ভব বলে মনে করেন পাটকলমালিকেরা।
সরকার ধান-চাল পাটের বস্তায় বিপণন করতে বাধ্যবাধকতা আরোপ করলেও চালকলমালিকেরা তা মানছেন না। তাদের বাধ্য করতে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে সরকার। পাটকলমালিকেরা বলছেন, খাদ্যশস্যে যদি পাটের বস্তার বাধ্যতামূলক ব্যবহার শুরু হয়, তাহলে পাট খাতের এ দুর্দশা হতো না।
তবে চালকল মিলগুলোর অভিযোগ, পাটের বস্তার দাম প্লাস্টিকের বস্তার চেয়ে অনেক বেশি। তাই পাটের বস্তা ব্যবহার তাদের জন্য লাভজনক নয়। তারা বলছে, দেশে যে পাটের বস্তা ব্যবহৃত হয় তার প্রতিটির দাম ৪২ থেকে ৫০ টাকা। অন্যদিকে প্লাস্টিকের বস্তা পাওয়া যায় ১৫ থেকে ২০ টাকায়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিজেএমসির চেয়ারম্যান বলেন, একটা পাটের বস্তা ছয়-সাতবার ব্যবহার করা যায়। কিন্তু প্লাস্টিকের বস্তা একবারের বেশি ব্যবহার করা সম্ভব না। তাহলে তো পাটের বস্তাই তাদের জন্য লাভজনক।
মজুত
২০১৩-১৪ অর্থবছর শেষে দেশের পাটকলগুলোতে পণ্যের মজুত দাঁড়িয়েছে এক লাখ ৬৯ হাজার ২১০ টনে। আগের অর্থবছর শেষে মজুত ছিল এক লাখ চার হাজার ২৭৬ টন পাটপণ্য
রপ্তানি
২০১৩-১৪ অর্থবছরে আট লাখ আট হাজার ৩৮৬ টন পাটপণ্য রপ্তানি হয়। আগের বছরের রপ্তানি ছিল আট লাখ ৬৭ হাজার ৭৭৭ টন
অভ্যন্তরীণ ব্যবহার
২০১৩-১৪ অর্থবছরে দেশের ভেতরে পাটপণ্য বিক্রি হয়েছে এক লাখ ছয় হাজার ৮১৩ টন। আগের বছরের বিক্রি ছিল এক লাখ ১৩ হাজার ৩০৯ টন পণ্য
‘‘সরকার যে ছয়টি পণ্যে (ধান, চাল, গম, ভুট্টা, চিনি ও সার) পাটের বস্তা ব্যবহারের কথা বলেছে, সেটা যদি বাস্তবায়িত হতো তাহলে সেখান থেকেই পাটকলগুলোর বছরে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা আসত
মোহাম্মদ কেফায়েত উল্লাহ
পরিচালক, পাট অধিদপ্তর