দেশীয় প্রতিষ্ঠানের হাতে বাধ্যতামূলকভাবে ৫১ শতাংশ মালিকানার বিধান রেখে ফ্রেইট ফরওয়ার্ডার ব্যবসা চালানোর লাইসেন্স প্রদানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডারস অ্যাসোসিয়েশন বা বাফা। গতকাল রোববার চট্টগ্রামে সংগঠনের আগ্রাবাদ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান সংগঠনের সভাপতি মাহবুব উল আনাম। ফ্রেইট ফরোয়ার্ডার হলো আমদানিকারক ও রপ্তানিকারকের পণ্য নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। কনটেইনারে দেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহন ব্যবসার সিংহভাগ ফ্রেইট ফরওয়ার্ডারদের মাধ্যমে হয়ে থাকে। মাহবুব উল আনাম বলেন, দেশীয় প্রতিষ্ঠানের কর্তৃত্ব বজায় রাখতে শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের পরিবর্তে ৫১ শতাংশ দেশি এবং ৪৯ শতাংশ বিদেশি প্রতিষ্ঠানের অংশীদারত্বের নিয়ম চালু করা উচিত। সভায় বলা হয়, সংগঠনের ৯০৪ সদস্য প্রতিষ্ঠানের মধ্যে ৮০০টি দেশীয়। এ ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা রয়েছে বলে প্রমাণিত হয়। দেশীয় প্রতিষ্ঠানের সিংহভাগ মালিকানা বাধ্যতামূলক হলে এই ব্যবসায় দেশীয় প্রতিষ্ঠানের সুরক্ষা থাকবে। সভায় ফ্রেইট ফরওয়ার্ডারদের লাইসেন্স ফি ও নবায়নের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে চার বছরে উন্নীত করা এবং একই প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি মূল্য সংযোজন কর নিবন্ধনপত্র চালুর দাবি জানানো হয়। এ ছাড়া কনটেইনার থেকে পণ্য খালাসের সময় ফ্রেইট ফরওয়ার্ডারদের উপস্থিতি বাধ্যতামূলক করার আহ্বান জানানো হয়।মতবিনিময় সভায় সংগঠনের সহসভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, পরিচালক অমিয় শংকর বর্মণ, খায়রুল আলম সুজন, জাহিদ হোসেন ও আসিফ এ চৌধুরী উপস্থিত ছিলেন।