দেশীয় বাজারে স্বর্ণের দাম কিছুটা কমল
স্বর্ণের আন্তর্জাতিক দর কিছুটা পড়ে যাওয়ায় দেশের বাজারে দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিভিন্ন ধরনের স্বর্ণের দাম এক হাজার ১৭০ টাকা পর্যন্ত কমবে বলে বাজুস জানিয়েছে।নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৫৯ হাজার ৪৮৬ টাকা, ২১ ক্যারেট ৫৬ হাজার ৮০৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৪৮ হাজার ৬৯৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হবে ৩৬ হাজার ৮৫৮ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম পড়বে এক হাজার ৫৭৪ টাকা। আজ রোববার থেকে নতুন দর কার্যকর হবে।এর আগে ৯ সেপ্টেস্বর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। কিন্তু আন্তর্জাতিক বাজারে অব্যাহত দাম বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে ১৫ সেপ্টেম্বর আরেক দফা স্বর্ণের দাম বাড়ায় স্বর্ণ ব্যবসায়ীদের ওই সমিতি।অবশ্য গতকাল পর্যন্ত স্বর্ণের দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৬০ হাজার ৬৫২ টাকা, ২১ ক্যারেট ৫৭ হাজার ৯৭০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৪৯ হাজার ৬৮৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হবে ৩৭ হাজার ৫৫৮ টাকা। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম হবে এক হাজার ৬৩২ টাকা।অর্থাৎ আজ থেকে ভরি প্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম আগের দরের চেয়ে এক হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৬৭ টাকা, ১৮ ক্যারেটে ৯৯১ টাকা এবং সনাতনি পদ্ধতির স্বর্ণের দাম ৭০০ টাকা কমবে। আর রুপার দাম কমবে ৫৮ টাকা।আন্তর্জাতিক বাজারে এখন প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৭৩৫ থেকে এক হাজার ৭৪০ ডলারে ওঠানামা করছে। বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্বর্ণের আন্তর্জাতিক দর আউন্স এক হাজার ৭৩৫ ডলার ধরেই আমরা নতুন দর নির্ধারণ করেছি।’ তিনি আরও জানান, স্বর্ণের গয়না বানাতে শ্রমিকের মজুরি ও মূল্য সংযোজন কর (ভ্যাট) সব মিলিয়ে প্রতি ভরি গয়নায় আরও চার হাজার টাকা খরচ করতে হবে ক্রেতাদের।