দেশীয় মোটরসাইকেল শিল্পকে সুরক্ষা দেওয়ার দাবি উদ্যোক্তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে দেশে প্রস্তুত মোটরসাইকেল শিল্পকে সুরক্ষা দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যদিকে বাস-ট্রাকের চাকা বা টায়ার আমদানিতে বিদ্যমান সম্পূরক শুল্ক ২৫ থেকে কমিয়ে ১২ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মোটর স্পেয়ার পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশন।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে গতকাল রোববার অটোমোবাইল ও পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতাদের প্রাক-বাজেট আলোচনায় এসব দাবি উত্থাপন করা হয়। সেগুনবাগিচার এনবিআর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন। এ সময় এনবিআরের সদস্য বশির উদ্দিন আহমেদ ও জাহাঙ্গীর হোসেন, প্রথম সচিব এ এফ এম আবদুল্লাহ খান, প্রধান বাজেট সমন্বয়কারী আল আমিন প্রামাণিক, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, বাংলাদেশ মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমান, সংগঠনের প্রতিনিধি ইলিয়াস কাঞ্চনসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি বলেন, থাইল্যান্ডের মতো শিল্পসমৃদ্ধ দেশ তৈরি করা মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে বিভিন্ন কৌশলে ১৫৭ শতাংশ মোট শুল্ক আরোপ করা হয়েছে। সেখানে বাংলাদেশে মাত্র ১০৭ দশমিক ৯১ শতাংশ মোট শুল্ক আরোপ করা হয়েছে। আবার আন্ডার ইনভয়েসিং ও অপঘোষণার কারণে প্রকৃত মূল্যের ওপর তা আরোপিত হয় না। তাই স্থানীয়ভাবে উৎপাদিত মোটরসাইকেল শিল্পের স্বার্থে সম্পূর্ণ তৈরি অবস্থায় আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়। আর আধা প্রস্তুত মোটরসাইকেলের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ৩০ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়। সংগঠনের সভাপতি মতিউর রহমান বলেন, বর্তমানে যারা সংযোজন করছে, তাদের পুরোপুরি উৎপাদনে যেতে সময় লাগবে। তবে এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। অবশ্য বাংলাদেশ মোটরসাইকেল ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোটরসাইকেল আমদানির ওপর বিদ্যমান নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) প্রত্যাহার করার এবং সম্পূরক শুল্ক বিদ্যমান ৩০ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়।