বগুড়ায় সিপিডির আঞ্চলিক সংলাপে বক্তারা
দেশীয় শিল্প বাঁচাতে কৃষি যন্ত্রাংশ আমদানি বন্ধ করতে হবে

বগুড়া অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে রয়েছে অপার সম্ভাবনা। প্রায় চার হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থান হয়েছে এক লাখ শ্রমিকের। দেশে কৃষি যন্ত্রাংশের মোট চাহিদার ৮০ শতাংশই জোগান হচ্ছে এখানকার হালকা প্রকৌশল শিল্প থেকে।
সম্ভাবনার সঙ্গে রয়েছে সংকট-সমস্যাও। সস্তায় আমদানি করা বিদেশি পণ্যের সঙ্গে কঠিন চ্যালেঞ্জ ও প্রতিযোগিতা করতে হচ্ছে এখানকার কৃষি ও হালকা প্রকৌশল শিল্পকে। তাই দেশীয় শিল্প বাঁচাতে কৃষি যন্ত্রাংশ আমদানি বন্ধ করতে হবে। এ ছাড়া নতুন উদ্যোক্তাদের জন্য নেই প্রশিক্ষণব্যবস্থা। নেই ব্যাংকিং প্রতিষ্ঠানের বিনিয়োগবান্ধব শিল্প-সহায়তা কর্মসূচি। পুরুষ জামিনদার ছাড়া নারী উদ্যোক্তাদের কোনো ঋণ মিলছে না। শিল্পকারখানায় বিদ্যুৎ, গ্যাস ও জায়গা বরাদ্দে অগ্রাধিকার ছাড়া সম্ভাবনার এই শিল্পের বিকাশ সম্ভব নয়। এসব সংকট কাটিয়ে বগুড়ার এই শিল্পকে সামনে এগিয়ে নিতে এবং দ্রুত বিকাশ ঘটাতে প্রয়োজন সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ।
গতকাল বৃহস্পতিবার বগুড়ায় অনুষ্ঠিত সিপিডির (সেন্টার ফর পলিসি ডায়ালগ) ‘বগুড়া অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক প্রাক্-বাজেট সংলাপে শিল্প উদ্যোক্তা ও অতিথিদের বক্তব্যে এসব পর্যবেক্ষণ উঠে এসেছে। আসছে জাতীয় বাজেটে বগুড়া অঞ্চলে শিল্প বিকাশে আলাদা বরাদ্দে সিপিডি, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। বগুড়া পর্যটন মোটেলের সম্মেলনকক্ষে সনাক-বগুড়ার সভাপতি বজলুল করিম বাহারের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংলাপের শুরুতেই সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ‘জাতীয় বাজেট এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকেন্দ্রায়িত উন্নয়ন: বগুড়ার গুচ্ছ-অঞ্চলের অভিজ্ঞতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
সংলাপে বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহাবুবর রহমান বলেন, ষাটের দশক পর্যন্ত এখানকার ভান্ডারী কটন অ্যান্ড স্পিনিং মিল, ভার্জিনিয়া টোব্যাকো, জামিল সোপ ফ্যাক্টরি, তাজমা সিরামিকের দাপট ছিল উপমহাদেশজুড়ে। এখন তা রুগ্ণ। উত্তরাঞ্চলের ‘প্রবেশদ্বার’ হওয়ায় এখনো অপার শিল্পসম্ভাবনা রয়েছে বগুড়ার। এখানকার একটি কারখানা থেকেই বছরে ৪০ কোটি টুপি রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে। উৎপাদন হচ্ছে কৃষি যন্ত্রাংশ, কম্বল, সোয়েটার, কাচের শিশি। উদ্যোক্তা-শ্রমিকদের প্রশিক্ষণ ও পুঁজি সহায়তার মাধ্যমে এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
নারী উদ্যোক্তা নিভা রানী পূর্ণিমা বলেন, পাঁচ লাখ টাকা ঋণের জন্য ব্যাংকে গেলে ২৫ লাখ টাকার সম্পদ জামানত চাওয়া হয়। জামিনদার হিসেবে স্বামীর স্বাক্ষর না থাকলে নারীদের ঋণ দেওয়া হয় না। অথচ পুরুষ উদ্যোক্তা ঋণের জন্য ব্যাংকে গেলে স্ত্রীর স্বাক্ষর লাগে না। বাণিজ্যিক ব্যাংকের এমন বৈষম্য নারীর অধিকার খর্ব করছে।
বাসদের জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এখানে যে কৃষি যন্ত্রাংশের উৎপাদন খরচ ৭০ টাকা পড়ে, বিদেশ থেকে আমদানি করা ঠিক একই যন্ত্র ৩০ টাকায় বিক্রি হয়। ফলে চ্যালেঞ্জের মুখে পড়ছে দেশীয় পণ্যের বাজার।
উদ্যোক্তা জাকিয়া সুলতানা বলেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রশিক্ষণের অভাবে বগুড়ায় নতুন নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে না। বুটিক শপ, পারলার, টেইলারিংয়ের মতো সীমিত কিছু ব্যবসায় আটকে আছেন নারীরা।
তাজমা গ্রুপের কর্ণধার আমজাদ হোসেন বলেন, শিল্পায়নে বড় বাধা দুর্নীতি। ঘুষ ছাড়া এখন কোনো ফাইল নড়ে না। বিসিক-বগুড়ার উপমহাব্যবস্থাপক হযরত আলী বলেন, বিসিকে প্লট না থাকায় উদ্যোক্তারা আবেদন করেও প্লট পাচ্ছেন না।
টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম বলেন, বিমানবন্দর না থাকায় বিদেশি ক্রেতারা এখানে আসতে চান না। যোগাযোগ ছাড়াও শিল্প স্থাপনে রয়েছে গ্যাস, বিদ্যুৎ, জমির সমস্যা।
কৃষি যন্ত্রাংশ ও হালকা প্রকৌশল শিল্প উদ্যোক্তা গোলাম আজম বলেন, দ্বিতীয় শিল্পনগরী স্থাপন না হওয়ায় এখানে নতুন শিল্পকারখানা গড়ে উঠছে না।
বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, বগুড়ার শিল্পায়নের জন্য ২৫১ একর আয়তনের অর্থনৈতিক অঞ্চল এবং ২০০ একরের দ্বিতীয় শিল্পনগরী স্থাপনের প্রস্তাবনা পাঠানো হয়েছে।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বগুড়ার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে সংলাপে উঠে আসা সুপারিশ আসছে জাতীয় বাজেটে প্রতিফলনের জন্য তুলে ধরা হবে।
জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয় বাজেটে সম্ভব না হলেও জেলাভিত্তিক বাজেটে সিপিডির এ সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাসিবের সভাপতি টি জামান নিকিতা, বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান, শিল্প উদ্যোক্তা সরকার বাদল, ট্রেড ইউনিয়নের নেতা আবদুস সাত্তার, সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতির শিক্ষক মাজহারুল আলম, উদ্যোক্তা আবদুর রহিম ও মুরশীদ আলম, সোনালী ব্যাংক কর্মকর্তা শেখ ইসমাইল হোসেন প্রমুখ।