দেশীয় শিল্প রক্ষায় আমদানি শুল্ক নির্ধারণ হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মুক্তবাজার অর্থনীতিতে দেশীয় শিল্প সংরক্ষণের সুযোগ অনেক কমে গেছে। এর ফলে স্বল্পোন্নত দেশের উদীয়মান শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় বাজেটে শুল্ক নির্ধারণ করা হচ্ছে। আজ রোববার রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আমান সিমেন্ট মিলস ইউনিট-২ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, দেশীয় শিল্পের স্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে না। এ জন্য আমদানি শুল্ক আরোপের মাধ্যমে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া হবে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে সরকার দেশকে বিশ্বদরবারে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। বিশ্বের বড় বড় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের সম্ভাবনা ও অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করছে। বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে দেশে সিমেন্টসহ বিভিন্ন শিল্প বিকশিত হয়েছে।

অনুষ্ঠানে আমান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম জানান, ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বহুমুখী শিল্প উৎপাদনের মাধ্যমে আমান গ্রুপ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখে আসছে। পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্যবিমোচনেও এই প্রতিষ্ঠান ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় যাত্রা শুরু হলো দেশের বৃহত্তর আমান সিমেন্ট কারখানা। কারখানাটির দৈনিক ১০ হাজার মেট্রিক টন ও বার্ষিক ৩৫ লাখ মেট্রিক টন সিমেন্ট উৎপাদন ক্ষমতা রয়েছে।