আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেটে দেশীয় শিল্প সুরক্ষা ও সম্প্রসারণে সরকারের নীতি সমর্থন চেয়েছেন বিভিন্ন খাতের উদ্যোক্তারা।
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ধারাবাহিক প্রাক্-বাজেট আলোচনায় দেশীয় টেলিভিশন, রেফ্রিজারেটরসহ (ফ্রিজ) ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই সমর্থন চান।
এনবিআর সদস্য সৈয়দ আমিনুল করিমের সভাপতিত্বে আলোচনায় বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন, ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন, বেসিস, ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, ইলেকট্রিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কম্পিউটার সমিতি, টিভি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।
রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, দেশে প্রতিবছর আট লাখ ফ্রিজের চাহিদার বিপরীতে উৎপাদনক্ষমতা রয়েছে প্রায় ২২ লাখ পিস। তাই এ জাতীয় পণ্য আমদানি নিরুৎসাহিত করতে বিদ্যমান ৩০ শতাংশ আমদানির সম্পূরক শুল্ক বাড়িয়ে ৬০ শতাংশ নির্ধারণ করা হোক।
আলোচনায় অংশ নিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আক্তারুজ্জামান মঞ্জু নেটওয়ার্কিংয়ের সরঞ্জাম আমদানিতে ও ডাটা ট্রান্সমিশন লিঙ্কের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেন।
বেসিসের পক্ষ থেকে বড় বিনিয়োগকে উৎসাহিত করতে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার ওপর থেকে আয়কর অব্যাহতির সময়সীমা আগামী ১০ বছরের জন্য অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।
এর আগে গতকাল সকালে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, আয়ুর্বেদিক ওষুধ শিল্প সমিতি, প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন, হোমিও মেডিসিন প্রস্তুতকারক সমিতি, চামড়া রেক্সিন ও পাদুকা সমিতি, মেডিসিন কেমিক্যাল ইম্পোর্টার্স ও মার্চেন্টস অ্যাসোসিয়েশন, ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, প্রিন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তাঁদের প্রস্তাব তুলে ধরেন।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির প্রতিনিধি এই শিল্পের কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমানোর দাবি জানান। এ ছাড়া নতুন ওষুধের বিপরীতে এসআরও পরিবর্তন করা দরকার বলেও জানানো হয়।
জুয়েলার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি দেওয়ান আমিনুল ইসলাম শাহিন স্বর্ণালংকার বিক্রির ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) ২ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব দেন। এ ছাড়া তিনি একটি গোল্ড পলিসি করার আহ্বান জানান।