দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়ার প্রচেষ্টা
চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেট চূড়ান্ত করা হয়েছে সামান্য কিছু কাটছাঁট করে। আর এই কাটছাঁটের প্রক্রিয়ায় দেশীয় শিল্প সুরক্ষার চেষ্টা পরিলক্ষিত হয়েছে। প্রস্তাবিত করের বোঝা কিছুটা কমিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার সমালোচনার মুখে কালোটাকা সাদা করার সুযোগও সীমিত করা হয়েছে।চলতি অর্থবছরের বাজেট পাসের আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কিছু খাতে প্রস্তাব প্রত্যাহার ও পুনর্বিন্যাস করেন। আবার বেশ কিছু খাতে নতুন করে করারোপ বা করছাড়ের প্রস্তাব করেন। সংশোধিত অর্থবিল আকারে তা সংসদে পাস হয়।ফ্ল্যাট কেনায় কালোটাকা সাদা করার সুযোগ রাখা হলেও জমি কেনায় তা প্রত্যাহার করা হয়েছে। হস্তান্তর বা ক্রয়মূল্যের ওপর ১০ শতাংশ হারে জরিমানা দিলেই কালোটাকা দিয়ে ফ্ল্যাট কেনা যাবে।অন্যদিকে গুচ্ছ মূল্য সংযোজন কর বা প্যাকেজ ভ্যাটের প্রস্তাবিত হার পুনর্বিন্যাস করা হয়েছে। এ ছাড়া ৪৩ পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক দিতে হচ্ছে না। যেসব পণ্য প্রকৃত অর্থে মধ্যবর্তী পণ্য নয়, আবার চূড়ান্ত পণ্য নয়, এমন ৪৩টি পণ্যের ওপর ১০ শতাংশ আমদানি শুল্কের অতিরিক্ত ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল। মূলত দেশীয় শিল্প সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।ছোট আকারের জাহাজ এখন দেশে অহরহ তৈরি হচ্ছে। এই জাহাজ বিদেশেও রপ্তানি হয়। দেশে এই জাহাজনির্মাণ শিল্পকে একটি উদীয়মান শিল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন বিবেচনায় চলতি অর্থবছর থেকে তিন হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) পর্যন্ত ক্ষমতার জাহাজ আমদানির শুল্ক বাড়ানো হয়েছে।। দেশীয় বিস্কুটশিল্পকে রক্ষা করতে আমদানীকৃত বিস্কুটের ওপর ১০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। আর কেশ পরিচর্যার সামগ্রীর ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এ ছাড়া ওভেন ফেব্রিকসের ওপর আরোপি সম্পূরক শুল্কের পরিমাণ ৩০ শতাংশ। মূলত দেশীয় শিল্পমালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।দামি ও বিলাসী গাড়ি কিনতে চাইলে আগের চেয়ে বেশি খরচ করতে হবে। ২৫০০ সিসি হাইব্রিড মোটরগাড়ি জ্বালানি-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বলে এত দিন তা সম্পূরক শুল্কমুক্ত রাখা হয়েছিল। কিন্তু এ ধরনের মোটরগাড়ি আমদানিতে দীর্ঘদিন ধরেই ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। সম্পূরক শুল্কমুক্ত রাখার আওতায় কিছুটা সীমিত করা হয়েছে। ১৮০০ সিসি পর্যন্ত হাইব্রিড মোটরগাড়ির ক্ষেত্রে সম্পূরক শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে।দেশি বিড়িতে সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে করসহ ফিল্টারবিহীন ২৫ শলাকার বিড়ির দাম ৫ টাকা ৩৬ পয়সা, আর ফিল্টারযুক্ত ২০ শলাকার দাম ৬ টাকা সাড়ে ৬ পয়সা।এ ছাড়া কর ফাঁকি বন্ধে কোনো পণ্যের খুচরা মূল্য ও পরিবেশনের ক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে অগ্রিম কর বা উৎসে কর কাটা হবে। প্রস্তাবিত বাজেটে ১০ শতাংশ হারে এই কর কাটার প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী। মূলত অনেক প্রতিষ্ঠান পণ্যের পরিবেশকের কাছ থেকে কমিশনের অর্থের ওপর ১০ শতাংশ হারে কর না কাটায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।