দেশীয় শিল্পের স্বার্থ দেখেই শুল্ক নির্ধারিত হচ্ছে
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা করেই শুল্ক নির্ধারণ করা হচ্ছে। দেশীয় কোনো শিল্পের স্বার্থ ক্ষুণ্ন হতে পারে এমন সিদ্ধান্ত সরকার নেবে না।
ঢাকার তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে গতকাল বাংলাদেশ ট্যারিফ কমিশন আয়োজিত ‘অ্যান্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং অ্যান্ড সেইফগার্ড মেজার্স’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এ টি এম মুর্তজা রেজা চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য আফরোজা বেগম উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ডব্লিউটিওর অনেক সদস্যদেশ ৩ হাজার ৫৮টি অ্যান্টি-ডাম্পিং, ২০২টি কাউন্টারভেইলিং এবং ১৪৭টি সেইফগার্ড মেজার্স বা পদক্ষেপ নিয়েছে।