সদ্য সমাপ্ত ২০১৪-১৫ অর্থবছরে দেশের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৩ হাজার ১২০ কোটি মার্কিন ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩ দশমিক ৩৫ শতাংশ। প্রবৃদ্ধির এই হার গত ১৩টি অর্থবছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। রপ্তানি আয়ে এই নিম্ন প্রবৃদ্ধির কারণ ও কীভাবে উত্তরণ সম্ভব—তা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী
প্রথম আলো: রপ্তানি আয়ে নিম্ন প্রবৃদ্ধির বিষয়টি আমাদের জন্য কতটা দুশ্চিন্তার কারণ?

সালাম মুর্শেদী: গত ১২টি অর্থবছর বাংলাদেশ রপ্তানি আয়ে কম-বেশি ভালোই করেছে। তবে চলতি বছরের প্রথম তিন মাসের রাজনৈতিক অস্থিরতা ও ডলারের বিপরীতে ইউরোর দরপতনের কারণে গত অর্থবছরের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কমে গেছে। এ ছাড়া বিভিন্ন কারণে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় আমরা কিছুটা মূল্য সক্ষমতা হারিয়েছি। তবে এটিও সত্য যে পর্যাপ্ত অবকাঠামো না থাকার পরও আমরা কিন্তু একটা পর্যায়ে এসে পৌঁছেছি। তাই রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হ্রাসকে আমি পুরোপুরি ধাক্কা না বলে ওয়েকআপ কল বলতে চাই। খাতভিত্তিক অবকাঠামো সুবিধাসহ অন্য সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে গুরুত্বসহকারে সমাধান করা দরকার।
প্রথম আলো: রপ্তানি বাড়াতেএখন কী কী ব্যবস্থা নেওয়া দরকার?
সালাম মুর্শেদী: রপ্তানি আয়ে আগের ধারায় ফিরতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সব খাতের জন্য নিরবচ্ছিন্নভাবে অবকাঠামো সহায়তা ও ইউরো অঞ্চলের আপত্কালীন সময়ের জন্য প্রণোদনা প্রয়োজন। কারণ, আমাদের রপ্তানির ৬০ শতাংশই ইউরোপে যায়। পোশাকের পাশাপাশি ওষুধ, জাহাজ, চামড়া, জাহাজ নির্মাণ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নজর বাড়াতে হবে। এ জন্য বড় ধরনের গবেষণার প্রয়োজন হবে। এ ছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে আকর্ষণীয় শিল্পনীতি করতে হবে। খাতওয়ারি বরাদ্দ দিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত শেষ করে উৎপাদনে যেতে হবে। সরকারকেই উদ্যোগ নিয়ে এই কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে।
প্রথম আলো: রপ্তানি বৃদ্ধি করতে সরকার তো বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বলে। সেগুলোর অনেক কিছুই পরে আর বাস্তবায়ন হয় না, হলেও লম্বা সময় লেগে যায়। এ বিষয়ে আপনার মতামত কী?
সালাম মুর্শেদী: আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের দেশে অনেক কিছুই ঠিকঠাক হয় না, সত্য কথা। তবে সবাইকে ইতিবাচক ও বাস্তবমুখী চিন্তা নিয়ে এগিয়ে আসার সময় চলে এসেছে। যেমন—এখন যুগোপযোগী শিল্পনীতি ও খাতওয়ারি অর্থনৈতিক অঞ্চল শিগগিরই দরকার। এগুলো যদি আমরা ১০ বছর পরে বাস্তবায়ন করি, তবে কোনো কাজে আসবে না। তাই সরকারকে
একটি লক্ষ্য নির্ধারণ করে কাজ শেষ করতে হবে।
প্রথম আলো: নিজেদের সুবিধা আদায়ের জন্য সব সময় সরকারকে সর্বোচ্চ চাপটিই দেন আপনারা। তবে অবকাঠামো উন্নয়নের বিষয়ে সরকারকে একইভাবে চাপ দেন না। কেন?
সালাম মুর্শেদী: আসলেই অবকাঠামো উন্নয়নে আমাদের দাবিগুলো আরও জোরদার হওয়া উচিত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ সত্যিই আমাদের অনেক ভুগিয়েছে। দ্বিতীয় প্রজন্মের কাছে একটি আধুনিক শিল্প তুলে দিতে সরকারের সঙ্গে আমাদের ব্যবসায়ী সমাজের উচিত এক জোট হয়ে নিঃস্বার্থভাবে কাজ করা।
সাক্ষাৎকার নিয়েছেন: শুভংকর কর্মকার