দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের চাপে কঠিন হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে চলার ফলে পরিবেশের ওপর যে চাপ তৈরি হয়েছে, তা বাংলাদেশের পরিবেশ ব্যবস্থাপনাকে কঠিনতর করে তুলেছে।

ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই) আয়োজিত দুই দিনব্যাপী এক সেমিনারের উদ্বোধনী পর্বে গতকাল শনিবার সকালে এই অভিমত ব্যক্ত করা হয়। রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

ডিএসসিইর চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে এই সেমিনার উদ্বোধন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী।

মূলত ডিএসসিইর পরিবেশ অর্থনীতি বিভাগের মাস্টার্স কোর্স সম্পন্ন করতে যাওয়া ছাত্রছাত্রীরা যেসব থিসিস প্রস্তুত করেছেন, সেগুলো উপস্থাপনের জন্য এই সেমিনারের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ডিএসসিই বর্তমানে পরিবেশ অর্থনীতি ও উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি প্রদান করছে। পরিবেশ অর্থনীতির একটি ব্যাচ মাস্টার্স সম্পন্ন করার পথে। আরও দুটি ব্যাচের ক্লাস চলছে। উন্নয়ন অর্থনীতির দুটি ব্যাচ চলছে। এর বাইরে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হচ্ছে। একটি ব্যাচ বেরিয়ে গেছে। আরেকটি সম্পন্ন হওয়ার পথে।

ডিএসসিই শিগগিরই এমফিল কোর্স চালু করবে। এ ছাড়া ভবিষ্যতে পিএইচডি কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান হিসেবে ডিএসসিই ২০১১ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশ অর্থনীতি সমিতি ডিএসসিই স্থাপনে মূল ভূমিকা পালন করে। শিক্ষাপ্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে (www.dscebd.org)।