শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, দেশে পর্যায়ক্রমে আরও তিনটি ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সাংসদ আবুল খায়ের ভূইয়ার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তবে বাজেট পাসের কর্মসূচি থাকায় প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।দিলীপ বড়ুয়া জানান, সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার, ভোলার শাহবাজপুরে ভোলা ফার্টিলাইজার ও সিরাজগঞ্জের সয়দাবাদে নর্থ-ওয়েস্ট ফার্টিলাইজার নামের প্রকল্প তিনটি স্থাপিত হবে।শিল্পমন্ত্রী বলেন, সার উৎপাদনের অন্যতম কাঁচামাল প্রাকৃতিক গ্যাস প্রাপ্তি এবং বৈদেশিক উৎসের অর্থায়ন নিশ্চিত হলে এসব কারখানার নির্মাণকাজ পর্যায়ক্রমে শুরু হবে।এদিকে কিশোরগঞ্জের সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেন, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য তিন থেকে নয় মাস সময়ে বাস্তবায়নযোগ্য এক হাজার থেকে এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তরল জ্বালানিভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিন থেকে পাঁচ বছর মেয়াদকালের জন্য এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।মোহাম্মদ এনামুল হক আরও জানান, ২০১৫ সালের মধ্যে সরকারি-বেসরকারি খাতে গ্যাস, কয়লা, ডিজেল, ফার্নেস অয়েল, ডুয়েল ফুয়েল ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক মোট নয় হাজার ৪২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।কুমিল্লার সাংসদ এ বি এম গোলাম মোস্তফার এক প্রশ্নের জবাবে এনামুল হক জানান, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দৈনিক প্রায় ২০০ মিলিয়ন ঘনফুটের অধিক গ্যাসের উৎপাদন বেড়েছে। তিনি জানান, দেশে গ্যাস উত্তোলন কূপের সংখ্যা ৭৯টি। সন্ধান পাওয়া এলাকার মধ্যে আগামী ডিসেম্বরে সুন্দলপুর, ফেঞ্চুগঞ্জ ও সালদানদী ফিল্ডে একটি অনুসন্ধান কূপসহ দুটি মূল্যায়ন কূপ খনন করা হবে। উৎপাদন বৃদ্ধি কর্মসূচির আওতায় ২০১১ সালের মধ্যে সাতটি নতুন কূপ খননের মাধ্যমে দৈনিক ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ লাইনে দেওয়া সম্ভব হবে। ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে গ্যাসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।অপর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ২০১৫ সালের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির ব্যাপক উন্নতি হবে। এ জন্য বেশ কিছু উদ্যোগ এরই মধ্যে নেওয়া হয়েছে।