দেশে আয় ও বৈষম্য দুটিই বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের গরিব মানুষের আয় বেড়েছে। তাঁদের আয়ের প্রবৃদ্ধি জাতীয় আয়ের প্রবৃদ্ধির চেয়ে বেশি। আবার বৈষম্যও বেড়েছে।
বিশ্বব্যাপী স্বীকৃত সমতার সমৃদ্ধির সূত্র অনুযায়ী, গত আড়াই দশকে বিশ্বের ৪৯টি দেশের গরিব ৪০ শতাংশ মানুষের আয় বেড়ে যাওয়ায় সমতাভিত্তিক সমৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। এই তালিকায় বাংলাদেশ আছে। আবার ১৯৯০ সালে গিনি সূচকে বাংলাদেশের বৈষম্য ছিল ২৮ দশমিক ৯ শতাংশ। ২০১৩ সালে এই হার বেড়ে হয়েছে ৩২ দশমিক ১ শতাংশ। এর মানে হলো, বৈশ্বিক সমতার হিসাবে বাংলাদেশের বৈষম্য বেড়েছে।
গতকাল মঙ্গলবার এক কর্মশালায় এই তথ্য উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। অর্থনীতিবিষয়ক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বিশ্বব্যাংকের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আগারগাঁওয়ের বিশ্বব্যাংক কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা হয়।
জাহিদ হোসেনের উপস্থাপনায় বলা হয়, ১৯৯১ সালে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও ভুটানের যে মাথাপিছু আয় ছিল, তা বিবেচনায় এনে ভবিষ্যতের জন্য যে মাথাপিছু আয় প্রত্যাশা করা যেত, বাস্তবে এর চেয়ে বেশি হয়েছে। কারণ, অর্থনীতিতে বিনিয়োগের কাঠামো পুনর্বিন্যাস হয়েছে। বেসরকারি খাতের বিনিয়োগ বেড়েছে। এতে প্রবৃদ্ধিও বেড়েছে। এখন বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ার জন্য মূল সম্পদ হলো ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যা। তবে মানবসম্পদ পরিস্থিতি খুব বেশি ভালো নয়। জনসংখ্যা আছে, কিন্তু দক্ষ মানবসম্পদের ঘাটতি আছে।
জাহিদ হোসেন তাঁর উপস্থাপনায় বাংলাদেশে কর্মসংস্থানের বেশ কিছু সুযোগের উদাহরণ দিয়েছেন। যেমন যুক্তরাষ্ট্রে চীনা পোশাকের ১০ শতাংশ বাজার ধরা যায়; তবে বাংলাদেশে ৪ দশমিক ২ শতাংশ কর্মসংস্থান বাড়বে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সামনে এখন ছয়টি চ্যালেঞ্জ আছে বলে মনে করে বিশ্বব্যাংক। প্রথমত, শিল্প ও সেবা খাতে কৃষিশ্রমিকের আগমন তুলনামূলক কম। কৃষিশ্রমিকেরা এই দুটি খাতে এলে একই পরিশ্রম করে উৎপাদনশীলতা আরও বাড়ানো যেত। দ্বিতীয়ত, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্যবন্ধন দুর্বল। তৃতীয়ত, কম দক্ষ শ্রমিক বেশি রপ্তানি হচ্ছে। চতুর্থত, রপ্তানি পণ্য বহুমুখীকরণে অগ্রগতি কম। পঞ্চমত, এই অঞ্চলে ব্যবসায় খরচ বেশি হয়। ষষ্ঠত, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিও ক্রমেই কঠিনতর হচ্ছে।
জাহিদ হোসেন মনে করেন, ভালো নীতি বাস্তবায়ন করা প্রায়ই কঠিন হয়ে পড়ে। কেননা একশ্রেণির প্রভাবশালী মানুষ সমাজের বিদ্যমান অবস্থা থেকে লাভবান হন। তাঁরা তুলনামূলক বেশি শক্তিশালী। এই ধরনের খারাপ রাজনৈতিক ভারসাম্যকে ভাঙা প্রয়োজন।
সকালে কর্মশালার উদ্বোধন করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। কর্মশালার বিভিন্ন অধিবেশনে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরী, ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর যুগ্ম সম্পাদক শামসুল হক ও প্রথম আলোর বাণিজ্য সম্পাদক শওকত হোসেন। আরও বক্তব্য দেন ইআরএফের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদকেরা অংশ নেন।