দেশে উদ্বৃত্ত থাকায় আলু আমদানির বিরোধিতা
দেশে উৎ পাদিত আলু বিপুল পরিমাণ উদ্বৃত্ত থাকার পরও ভারত থেকে আলু আমদানি করা হলে দেশের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। সম্প্রতি বিসিএসএর পক্ষে সংগঠনটির চেয়ারম্যান মো. জসীম উদদীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানানো হয় এবং বাইরে থেকে আলু আমদানির বিরোধিতা করা হয়। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেখানে উৎ পাদিত আলুর উদ্বৃত্ত ৩০ শতাংশ বাংলাদেশে রপ্তানির জন্য আগ্রহ প্রকাশ করে। এ জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে এ বিষয়ে আলোচনার সুপারিশ করা হয়েছে। এসব তথ্য উল্লেখ করে বিসিএসএর চেয়ারম্যান মো. জসীম উদদীন বলেছেন, চলতি মৌসুমে ৩৩২টি হিমাগারে কৃষকদের উৎ পাদিত ৩০ লাখ মেট্রিক টন আলু ও ছয় লাখ মেট্রিক টন বীজ আলু সংরক্ষণ করা আছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উৎ পাদন বেশি হওয়ার কারণে গত বছর পাঁচ লাখ মেট্রিক টন আলু উদ্বৃত্ত হয়েছিল। এবার এই উদ্বৃত্তের পরিমাণ দাঁড়াবে প্রায় ১০ লাখ মেট্রিক টন। আর তাই বাজারদর নিম্ন এবং চাহিদা কমে যাওয়ায় হিমাগার থেকে আলু বাজারজাত করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে কৃষকেরা বাধ্য হয়ে লোকসানে আলু বিক্রি করছেন। বর্তমানে হিমাগার পর্যায়ে ডায়মন্ড জাতের আলু প্রতি কেজি ১০-১১ টাকা, গ্র্যানুলা ও অন্যান্য জাতের আলু প্রতি কেজি সাত-আট টাকা দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে হিমাগারের ভাড়া প্রতি কেজিতে তিন-চার টাকা, বস্তার দাম কেজিতে এক টাকা, যাতায়াত ও পরিবহনে ব্যয় কেজিতে এক টাকা। এই খরচ বাদ দিলে কৃষকেরা প্রতি কেজি গ্র্যানুলাতে দুই-তিন টাকা ও প্রতি কেজি ডায়মন্ডে পান চার-পাঁচ টাকা। অথচ প্রতি কেজি আলু উৎ পাদনেই খরচ হচ্ছে প্রায় ১০-১২ টাকা। বিসিএসএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুল পরিমাণ আলু উদ্বৃত্ত থাকার পরও যদি আমদানি করা হয়, তবে কৃষক, অর্থায়নকারী ব্যাংক ও হিমাগার মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন। এমনকি ভবিষ্যতে কৃষকেরা আলু চাষে আগ্রহ হারাবেন।