দেশে এ বছরই সমন্বিত বিনিয়োগ-নীতি হবে
এ বছরই বাংলাদেশের জন্য একটি সমন্বিত বিনিয়োগ-নীতি তৈরি করা হবে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। আর এটি প্রণয়নে প্রয়োজনীয় তথ্য ও কারিগরি সহায়তা দেবে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)।আঙ্কটাডের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের জন্য একটি সমন্বিত বিনিয়োগ-নীতির খসড়া প্রণয়ন করে দেবেন তাঁরা।বাংলাদেশ সফররত আঙ্কটাডের একটি প্রতিনিধিদল শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এলে এসব বিষয়ে আলোচনা হয়। রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে গতকাল সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে আঙ্কটাডের বিনিয়োগ-নীতি শাখার কর্মকর্তা কুয়েন্টিন ডুপ্রায়েজ, বিনিয়োগ ও উদ্যোক্তা বিভাগের কর্মকর্তা হ্যান্স বামগার্টেন, পরামর্শক রোরি পি অ্যালান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ-নীতি এবং সম্ভাবনাময় খাতে বিদেশি বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেন, একটি সমন্বিত বিনিয়োগ-নীতি তৈরি হলে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং শিল্প ও সেবা খাতে অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়বে। আঙ্কটাডের প্রতিনিধিদলকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ ও উদার বিনিয়োগ-নীতির কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ক্রমেই বাড়ছে। বিশ্বমন্দার মধ্যেও দেশ ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। মন্ত্রী আরও বলেন, সরকারের জাতীয় শিল্পনীতিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহী করতে বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে একদিকে মানুষের মাথাপিছু আয় বাড়ছে, অন্যদিকে দেশ ধীরে ধীরে শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে। শিল্পমন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০০৬ সালে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৪৮৮ ডলার, ২০১১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৮০ ডলারে।বৈঠকে আঙ্কটাডের প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বিশাল সম্ভাবনা থাকলেও এখনো বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিমাণে বিদেশি বিনিয়োগ আসেনি। প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার অভাব বিদেশি বিনিয়োগের পথে অন্যতম অন্তরায়। উদ্যোক্তাবান্ধব বিনিয়োগ-নীতি প্রণয়নে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেয় প্রতিনিধিদলটি।