দেশে এল হাভালের তিন মডেলের গাড়ি

দেশের বাজারে এল হাভালের তিনটি নতুন মডেলের এসইউভি গাড়ি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল)। উদ্বোধনী উপলক্ষে ফেব্রুয়ারি মাসজুড়ে এই তিন মডেলের গাড়ি কিনতে ছাড় থাকবে দুই লাখ টাকা।
রাজধানীর গুলশানে ক্যাডেট কলেজ ক্লাবের মিলনায়তনে আজ সোমবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসিই অটোস লিমিটেড নতুন তিনটি মডেলের গাড়ি বাজারে আনার ঘোষণা দেয়।
হাভালের এইচ সিরিজের নতুন এই তিনটি মডেল হচ্ছে এইচ-টু, এইচ সিক্স কুপে এবং এইচ নাইন। এর মধ্যে এইচ টু মডেলের গাড়িটির দাম পড়বে ২৭ লাখ টাকা। এইচ ফোর মডেলের গাড়ির দাম ৩৭ লাখ আর সাতটি সিটের এইচ নাইন মডেলের গাড়ির দাম পড়বে ৪৭ লাখ টাকা।
অনুষ্ঠানে বলা হয়েছে, জার্মানির নকশা এবং জাপানের প্রযুক্তির সমন্বয়ে নতুন মডেলের হাভাল গাড়িগুলো তৈরি। চীনে সর্বোচ্চ বিক্রি হওয়া এসইউভি ব্র্যান্ড গাড়িগুলোর মধ্যে হাভাল এক নম্বর। গত বছর সারা বিশ্বে প্রায় ১০ লাখ হাভাল এসইউভি গাড়ি বিক্রি হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়েছে, দেশের ক্রেতাদের জন্য নতুন এই তিনটি গাড়িতে প্রথম দুই বছরে ও ৫০ হাজার কিলোমিটার পথ পর্যন্ত যেকোনো ধরনের সেবা ফ্রি দেওয়া হবে। পাশাপাশি পাঁচ বছরের জন্য সড়কে চলা অবস্থায় গাড়ির যেকোনো সমস্যায় এসিইকে প্রতিষ্ঠানকে জানানো হলে সড়কেই এসিই দল গিয়ে তৎক্ষণাৎ সেবা দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসিই মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, সমাজের মধ্যবিত্ত অংশ যাঁরা রিকন্ডিশন্ড গাড়ি কেনেন, তাঁদের জন্য সাশ্রয়ী মূল্যের এই এসইউভি গাড়িগুলো বাজারে আনা হয়েছে। এই গাড়িগুলো অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে বেশ বাজার পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসিই চেয়ারপারসন হাজেরা নজরুলসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।