দেশে এলইডি বাতি বানাতে চায় বেনটেক
দেশে জ্বালানিসাশ্রয়ী এলইডি বাতি উৎপাদনে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারতের বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেনটেক ইন্ডিয়া লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি একটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ সফররত ভারতীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল গত শুক্রবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব দিয়েছে। রাজধানীর ইস্কাটনে মন্ত্রীর বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (আইসিসি) উপদেষ্টা নকিব আহমেদ, যুগ্ম পরিচালক বধিসত্য মুখার্জি, বেনটেক ইন্ডিয়ার প্রেসিডেন্ট সঞ্জয় চৌধুরী, তেল ও গ্যাস শিল্পের উদ্যোক্তা এ কে মুখার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলকে এলইডি বাতি উৎপাদন খাতে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা চালানোর পরামর্শ দেন শিল্পমন্ত্রী। বাংলাদেশের জন্য লাভজনক যেকোনো প্রকল্প বাস্তবায়নে সরকার সহায়তা দেবে বলেও জানান তিনি।
বিজ্ঞপ্তি