দেশে কনটেইনার পরিবহনের ৪০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৭ সাল। ২২ মার্চ। এসএস টেনাসিটি জাহাজের ডেকে আনা হয়েছিল ৬টি কনটেইনার। এদিন বন্দর তথা দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু হয়েছিল কনটেইনার পরিবহনের। মাত্র ৪০ বছরের ব্যবধানে বছরে ৬টি থেকে কনটেইনার পরিবহন বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ২৩ লাখে।

কনটেইনার পরিবহনের ৪০ বছর পূর্তিতেও কোনো কর্মসূচি নেই বন্দরে। বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বছরে একবার অনুষ্ঠান করলেও কর্তৃপক্ষ বন্দরের জন্য এমন গুরুত্বপূর্ণ দিনে কোনো কর্মসূচি রাখেনি। অথচ এখন কনটেইনার ঘিরে সব উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে বন্দরে। কনটেইনার পরিবহনের সংখ্যায় এ বন্দর উঠে এসেছে বিশ্বের বন্দরগুলোর মধ্যে ৭৬তম অবস্থানে।

জানতে চাইলে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, কনটেইনার পরিবহনের ৪০ বছর পূর্তিতে কোনো কর্মসূচি না থাকলেও বন্দরে সব সময় কনটেইনার পরিবহনের সাফল্য নিয়ে নানা উদ্‌যাপন হচ্ছে। আগামী ২৫ এপ্রিল ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও থাকবে কনটেইনার পরিবহনের সাফল্য নিয়ে নানা উদ্‌যাপন।

কনটেইনারের জনক ম্যালকম ম্যাকলিন ১৯৫৬ সালের ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে সূচনা করেছিলেন পণ্য পরিবহনের এই বিপ্লবের। ম্যাকলিনের ‘সি ল্যান্ড’ কোম্পানি ১০ বছর পর ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্র থেকে কনটেইনারে পণ্য পরিবহন ছড়িয়ে দেয় ইউরোপে। এভাবে বিশ্বের নানা দেশ ঘুরে চট্টগ্রামেও চালু হয়ে যায় এই বাহন। ১৯৯৪ সালে পোর্ট গ্র্যান্ডে নামে বন্দরের একটি প্রকাশনায় বলা হয়, এসএস টেনাসিটি জাহাজে ১৯৭৭ সালের ২২ মার্চ কনটেইনার পরিবহনের সূচনা হয়।