দেশে কমছে স্বর্ণালংকারের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে আবার দরপতন হওয়ায় দেশের অভ্যন্তরে সব ধরনের সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ এক হাজার ২২৫ টাকা পর্যন্ত কমছে। আজ রোববার থেকে সোনার নতুন দর কার্যকর হবে। তবে রুপার দামে কোনো পরিবর্তন হচ্ছে না। গতকাল শনিবার বাজুসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়। সর্বশেষ গত মঙ্গলবার সোনার দাম বাড়ায় সমিতি।নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৫১ হাজার ৮৮ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৭৫৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৪১ হাজার ৮১৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে হবে ২৯ হাজার ৫০৯ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম আগের মতোই থাকছে, অর্থাৎ এক হাজার ৩৯৯ টাকা।গতকাল পর্যন্ত ২২ ক্যারেট সোনা ৫২ হাজার ৩১৩ টাকা, ২১ ক্যারেট ৪৯ হাজার ৯৮০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ছিল ৪২ হাজার ৮৬৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ৩০ হাজার ৩২৬ টাকা ভরি। আজ থেকে সোনার দাম কমানোর ফলে ভরিপ্রতি ২২ ও ২১ ক্যারেট সোনার দাম আগের দরের চেয়ে এক হাজার ২২৫ টাকা, ১৮ ক্যারেটে এক হাজার ৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৮১৭ টাকা কমবে।বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সোনার আন্তর্জাতিক বাজার অস্থির। সর্বশেষ প্রতি আউন্স সোনার দর ৮০ ডলার পর্যন্ত পড়ে যাওয়ায় আমরা দেশের বাজারে কমানোর সিদ্ধান্ত নিয়েছি। সমিতি সব সময় আন্তর্জাতিক দর পর্যবেক্ষণ করছে। বড় উত্থান-পতন হলেই আবার সোনার দর পুনর্নির্ধারণ হবে।’গত মাসে দেশের অভ্যন্তরে খাঁটি সোনার সংকটের কারণে দাম বাড়ায় বাজুস। তবে এ বিষয়ে গতকাল আমিনুল ইসলাম বলেন, আপাতত সংকট নেই। সবাই আশঙ্কা করছেন, সোনার দাম আরও কমবে। তাই সোনা ধরে রাখার প্রবণতা কিছুটা কমেছে।