দেশে কালোটাকার ওপর শ্বেতপত্র প্রকাশের দাবি
বাংলাদেশ থেকে টাকা পাচার রোধ করতে দেশের কালোটাকার ওপর শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে অধিকারভিত্তিক নাগরিক সমাজ সংগঠনের জোট ইকুইটিবিডি।
লন্ডনভিত্তিক ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের (টিজেএন) ফাইন্যান্সিয়াল সিক্রেসি ইনডেক্স ২০১৩ আনুষ্ঠানিকভাবে প্রকাশ উপলক্ষে আয়োজিত ‘আর্থিক গোপনীয়তা রক্ষায় শীর্ষস্থানীয় রাষ্ট্রসমূহ ও বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনটি সঞ্চলনা করেন ইকুইটিবিডির রেজাউল করিম চৌধুরী। মূল বক্তব্য পাঠ করেন ইকুইটিবিডির মো. আহসানুল করিম। বিশেষজ্ঞ বক্তব্য রাখেন প্রথম আলোর বাণিজ্য পাতা সম্পাদক আসজাদুল কিবরিয়া। আরও উপস্থিত ছিলেন ইকুইটিবিডির মোস্তফা কামাল আকন্দ, স্বপন ভূঁইয়া এবং বাংলাদেশ কৃষক ফেডারেশনের মাইনুল ইসলাম।
মূল বক্তব্যে বলা হয়, টিজেএন কোন দেশ বা অঞ্চল কতটা আর্থিক গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দেয় তার একটি অবস্থানক্রম তৈরি করেছে। এ বছর ১৫টি সূচকের ভিত্তিতে প্রস্তুত করা তালিকায় ৮২টি দেশ ও অঞ্চল রয়েছে। এতে শীর্ষ ১০ স্থানে রয়েছে সুইজারল্যান্ড, হংকং, জার্সি (ইউকে), বাহরাইন, পানামা, মরিশাস, মালয়েশিয়া, দুবাই, বারমুডা ও লেবানন।
সংবাদ সম্মেলনে কালোটাকা উদ্ধারের প্রতিবেশী দেশ ভারতের উদাহরণ অনুসরণের তাগিদ দিয়ে বলা হয়, ভারত কালোটাকার শ্বেতপত্র প্রকাশ করেছে, ২০১১-১২ অর্থবছরেই ভারত কালো বা পাচার করা ৪৪৩ কোটি ডলার উদ্ধার করেছে। আর গত ১০ বছরে ভারত ৮৮টি দেশের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করেছে।