শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইস্রাফিল আলম বলেছেন, ‘রানা প্লাজাসহ কোনো শ্রমিক হত্যারই বিচার হয় না। চার্জশিটও দেওয়া হয় না।’
‘পোশাকশ্রমিকদের শিশুসন্তানদের নিরাপত্তা, শিক্ষা ও যত্ন করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সাংসদ এ কথা বলেন। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সভাটির আয়োজন করে বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম এবং নাগরিক উদ্যোগ।
বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইস্রাফিল আলম বলেন, রানা প্লাজার হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তাতে স্বচ্ছতার অভাব ছিল। এ শ্রমিকদের পুনর্বাসনের জন্যও কাজ করা প্রয়োজন।
ইস্রাফিল আলম আরও বলেন, পোশাকশিল্পে শ্রমিকদের প্রায় ৮০ শতাংশই নারী। সে কারণেই তাঁদের সন্তানদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
সভার মূল বক্তব্য উপস্থাপনকালে বাংলাদেশ শ্রম অধিকার ফোরামের সদস্যসচিব ও নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, দেশের পোশাক খাতের অগ্রগতিতে সবচেয়ে বেশি অবদান যাঁদের, সেই শ্রমিকদের সন্তানেরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে। বঞ্চিত হচ্ছে প্রয়োজনীয় শিক্ষা ও চিকিৎসা থেকে।
নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আক্তার বলেন, ৫ হাজার ৩০০ টাকা মজুরি দিয়ে একজন শ্রমিকের পক্ষে পরিবারের ব্যয় নির্বাহ করা অসম্ভব।
শ্রমিক নেতা আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় কয়েকজন শ্রমিক নেতা, গবেষক ও রানা প্লাজার হতাহত শ্রমিকদের স্বজনেরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে রানা প্লাজা ধস নিয়ে রানা প্লাজার মর্মান্তিক ঘটনা ও পোশাকশিল্পের উন্নয়নে নাগরিক সমাজের মতামত শীর্ষক একটি সংকলন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সভায় আরও বক্তব্য দেন এশিয়া মনিটর রিসোর্স সেন্টারের (হংকং) গবেষক ওমানা জজ, নাগরিক উদ্যোগের জয়িতা হোসেন, রানা প্লাজার উদ্ধারকর্মী শাহ-আলম এবং রানা প্লাজা ধসে আহত–নিহত শ্রমিকদের সন্তান ও স্বজনেরা।