দেশে কোনো জাতীয়ভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জাতীয়ভিত্তিক কোনো ন্যূনতম মজুরি নেই। শ্রমিকদের দিক থেকে একটি জাতীয় ন্যূনতম মজুরির দাবি থাকলেও শিল্প মালিকেরা কোনোভাবেই এর পক্ষে নন। দুই পক্ষের বিপরীতমুখী অবস্থানের কারণে সরকারের পক্ষে জাতীয় ন্যূনতম বা নিম্নতম মজুরি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের মূল কারণটি হলো সার্বিকভাবে দেশের মজুরি কাঠামোর জন্য একটি ন্যূনতম মানদন্ড তৈরি করা। এটি থাকলে সব ধরনের শ্রমজীবী মানুষের মজুরির জন্য একটি জাতীয় নিম্নসীমা প্রদান করা সম্ভব হয়। এরপর কাজের ধরন ও খাতভেদে পৃথক পৃথকভাবে মজুরি নির্ধারণ করা হয়।তবে খাতওয়ারি ন্যূনতম মজুরি নির্ধারণে কিছুটা অগ্রগতি হয়েছে। বর্তমানে মোট ৪২টি শিল্প খাতের জন্য খাতওয়ারি ন্যূনতম মজুরি নির্ধারণ করা আছে। আরও কয়েকটি খাতে শিগিগর ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে বলে জানা গেছে। এগুলো সব বেসরকারি খাতের। বেসরকারি শিল্প মালিকেরাও খাতওয়ারি ন্যূনতম মজুরির পক্ষে সমর্থন দিয়েছেন।সর্বশেষ ২০০১ সালের জুলাই মাসে একটি জাতীয়ভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করেছিল সরকার। তাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এক হাজার ২০০ টাকা এবং বড় শিল্পের এক হাজার ৩৫০ টাকা মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। কিন্তু এর বিরোধিতা করে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) উচ্চ আদালতের দ্বারস্থ হয়। জাতীয় ন্যূনম মজুরি নির্ধারণে পদ্ধতিগত নানা ত্রুটি-বিচ্যুতি থাকায় উচ্চ আদালত এ-সংক্রান্ত সরকারি নির্দেশনা স্থগিত ঘোষণা করেন। সরকারের দিক থেকেও এ বিষয়ে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।২০০৪ সালে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়। তবে এই বোর্ড জাতীয়ভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য কাজ করেনি। তার বদলে খাতভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণের কাজ শুরু হয়। ২০১১ সাল পর্যন্ত মোট ৪২টি খাতের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। ১৯৮৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মাত্র ১১টি শিল্পপ্রতিষ্ঠানের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর ২০০৭ সাল থেকে এ পর্যন্ত আরও ৩১টি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয় যার মধ্যে তৈরি পোশাক শিল্পখাতও রয়েছে।এ ছাড়া নিম্নতম মজুরি বোর্ডের সাবেক চেয়ারম্যান ইকতেদার হোসেন ২০০৯ সালে পদত্যাগ করার আগে আরও ৩৬টি খাতের জন্য মজুরি নির্ধারণের একটি প্রস্তাব তৈরি করে দিয়ে যান।যোগাযোগ করা হলে বিইএফের সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, শিল্প খাতের সামর্থ্য ও সক্ষমতা বিচার করে খাতভিত্তিক ন্যূনতম মজুরিই যুক্তিযুক্ত। একটি শ্রমঘন শিল্পে যে ধরনের ন্যূনতম মজুরি প্রয়োজন হবে, একটি পুঁজিঘন শিল্পে সে ধরনের ন্যূনতম মজুরি প্রয়োজন হবে না।ফজলুল হক আরও বলেন, একটি জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলে একাধিক সমস্যা দেখা দেবে। প্রথমত, দেশের বিরাট অনানুষ্ঠানিক খাতের জন্যও এই ন্যূনতম মজুরি প্রদানের আইনি বাধ্যবাধকতা দেখা দেবে। অথচ অনানুষ্ঠানিক খাতের অন্তর্ভুক্ত বিভিন্ন উপখাতের সেই সুযোগ ও সামর্থ্য নেই। দ্বিতীয়ত, উঁচু হারে মজুরি দিতে সক্ষম ও দেওয়া প্রয়োজন এমন অনেক শিল্প খাতও জাতীয় ন্যূনতম মজুরির দোহাই দিয়ে শ্রমিকদের কম মজুরি দেবে। এতে শ্রমিকেরা বঞ্চিত হবে। বিইএফের সভাপতি উদাহরণ দিয়ে বলেন, ওষুধ শিল্পের শ্রম মজুরি আর হোসিয়ারি শিল্পের মজুরি নিশ্চয়ই একই ধরনের হতে পারে না। ন্যূনতম মজুরিতেই সেখানে পার্থক্য হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন যে খাতভিত্তিক মজুরি ওই খাতের প্রতিযোগিতা সক্ষমতার আলোকে নির্ধারণ করার সুযোগ থাকে। সবকিছু বিবেচনায় জাতীয় ন্যূনতম মজুরি কতটা বাস্তবসম্মত তা ভেবে দেখা দরকার বলেও মন্তব্য করেন তিনি।তবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিআইএলএস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, জাতীয়ভিত্তিক ন্যূনতম মজুরি একাধিক কারণে প্রয়োজন। প্রথমত, দেশে ছোট ছোট অনেকগুলো অসংগঠিত খাত আছে যেখানে হাজার হাজার মানুষ কাজ করছে। অথচ তাদের মজুরির জন্য কোনো দিকনির্দেশনা নেই। একটি জাতীয় মজুরি থাকলে তারা একটা ভিত্তি খুঁজে পাবে। দর-কষাকষির সুযোগ তৈরি হবে। দ্বিতীয়ত, জাতীয় ন্যূনতম মজুরি সব খাতের জন্য একটি নিম্নতম মানদণ্ড হিসেবে কাজ করবে। তৃতীয়ত, সামাজিক ন্যায়বিচারের স্বার্থে এ ধরনের একটি মানদণ্ড থাকা প্রয়োজন। জাতীয়ভিত্তিক ন্যূনতম মজুরি থাকলে মূল্যস্ফীতির সঙ্গে মজুরি সমন্বয় করা তুলনামূলকভাবে সহজ হবে বলেও মনে করেন তিনি।বর্তমানে যেসব খাত বা শিল্পপ্রতিষ্ঠানে ন্যূনতম মজুরি আছে সেগুলো হলো: টাইপ ফাউন্ড্রি, প্লাস্টিক, রাবার, চালকল, ম্যাচ, জুট প্রেস ও বেলিং, পেট্রল পাম্প, হিমাগার ও আইস কারখানা, নৌযান শিল্প, অ্যালুমিনিয়াম অ্যান্ড এনামেল, জুতা তৈরির কারখানা, মৎস্য শিকারি ট্রলার, বিড়িশিল্প, সিনেমা হল, নির্মাণ ও কাঠ, কাঠ তৈরির কারখানা (স মিল), টি প্যাকেজিং, দর্জি কারখানা, ব্যক্তিমালিকানাধীন পাটকল, জাহাজভাঙা, আয়ুর্বেদিক কারখানা, হোসিয়ারি, বেকারি-বিস্কুট-কনফেকশনারি, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অটোমোবাইল ওয়ার্কশপ, ওষুধ, সাবান ও কসমেটিকস, চিংড়ি, স্থলবন্দরগুলো, আয়রন ফাউন্ড্রি ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, গ্লাস ও সিলিকেটস, চা বাগান, ব্যক্তিমালিকাধীন সড়ক পরিবহন, ছাপাখানা (প্রিন্টিং প্রেস), রি-রোলিং কারখানা, তৈরি পোশাক, ওয়েভ মিলস অ্যান্ড ভেজিটেবলস, তুলা ও বস্ত্র, ব্যক্তিমালিকাধীন শিল্পপ্রতিষ্ঠান-গুলোতে নিয়োজিত প্রাপ্তবয়স্ক অদক্ষ শ্রমিক, লবণ ভাঙা (সল্ট ক্রাশিং), হোমিওপ্যাথ কারখানা ও ট্যানারি।