দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাংকের অর্থায়ন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে (এসএমই) ব্যাংকের অর্থায়ন বেড়েছে। এসএমই খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আগের তুলনায় অনেক বেশি ঋণ দিচ্ছে বা অর্থায়ন করছে। বিশেষ গুরুত্ব দিয়ে ২০১০ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৩৮ হাজার ৮৫৮ কোটি টাকার এসএমই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে ক্ষুদ্র, মাঝারি ও নারী উদ্যোক্তা খাতে তিন লাখ নয় হাজার উদ্যোক্তাকে ৫৩ হাজার ৫৪৪ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। এটি ছিল লক্ষ্যমাত্রার ১৩৮ শতাংশ। এরই ধারাবাহিকতায় ২০১১ সালে এসএমই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৬ হাজার ৯৪০ কোটি টাকা। এর বিপরীতে তিন লাখ ১৯ হাজার উদ্যোক্তার মাঝে বিতরণ করা হয় ৫৩ হাজার ৭১৯ কোটি টাকা।আর সর্বশেষ গত বছর অর্থাৎ ২০১২ সালে এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৯ হাজার ১৩ কোটি টাকা। এ সময় চার লাখ ৬৩ হাজার উদ্যোক্তাকে ৬৯ হাজার ৭৫৩ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার ১১৮ শতাংশ অর্জন হয়েছে। এ নিয়ে গত তিন বছরে এসএমই খাতে ঋণ বিতরণ করা হয় এক লাখ ৭৭ হাজার ১৭ কোটি টাকা। অন্যদিকে চলতি বছর অর্থাৎ ২০১৩ সালের মোট ৭২ হাজার কোটি টাকা এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক চার বছর ধরে এসএমই খাতের অর্থায়ন বৃদ্ধি করতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিশেষভাবে দেশের ব্যাংকিংব্যবস্থাকে উদ্যোক্তাবান্ধব করতে এবং নারী উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্নমুখী নীতি-পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করেছে।ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতের উন্নয়ন নির্ভর করে শিল্প ও সেবা খাতের উন্নয়নের ওপর। কেননা, এই দুটি খাতের মাধ্যমেই বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হয়। এ জন্য এসএমই ঋণ নীতিমালার আওতায় শিল্প ও সেবা খাতের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, তিন বছর ধরে শিল্পোৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতে এসএমই ঋণ বিতরণ বাড়ছে। ম্যানুফ্যাকচারিং খাতে এসএমই ঋণ বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক ‘ক্লাস্টার অ্যাপ্রোচ’ পদ্ধতি প্রয়োগের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। তিনি বলেন, ‘ব্যাংকগুলোর এসএমই ঋণ যাতে শিল্প ও সেবা খাতে বেশি যায়, সে জন্য আমরা নজরদারি অব্যাহত রেখেছি।’বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ক্লাস্টার অ্যাপ্রোচ পদ্ধতির মধ্যে জামালপুরে সূচি, হস্ত ও কারুশিল্প; যশোরে হস্তশিল্প, ফুল চাষ ও প্রক্রিয়াকরণসহ মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মণিপুরি তাঁত, সিলেটে মণিপুরি তাঁত ও বাঁশ-বেত; সিরাজগঞ্জের বেলকুচির জরিপল্লি, টাঙ্গাইলে তাঁতশিল্প, বগুড়ায় হালকা প্রকৌশল ও কৃষি যন্ত্রপাতি; নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্র পোশাকশিল্প; কুমিল্লার চান্দিনা ও চাঁদপুরে খাদি’ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি; বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে কোমরতাঁত ও বুটিক; মুন্সিগঞ্জে বাঁশ-বেত ক্লাস্টার চিহ্নিত করে সেগুলোর উন্নয়নে কাজ চলছে। এসএমই খাতের উন্নয়নে দেশের ব্যাংকগুলোর নিজস্ব তহবিল, আইডিএ, এডিবি ও জাইকার অর্থায়নে পুনঃ অর্থায়ন তহবিল জোগান দেওয়া হচ্ছে। গত ডিসেম্বর পর্যন্ত হিসাবে ২১টি ব্যাংক ও ২২টি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩৪ হাজার ৭০৯টি উদ্যোগকে দুই হাজার ৭৯৫ কোটি টাকার পুনঃ অর্থায়ন সুবিধা দেওয়া হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণসুবিধা দিতে এসএমই খাতের পুনঃ অর্থায়ন স্কিমের ন্যূনতম ১৫ শতাংশ অর্থ কেবল নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই স্কিমের আওতায় ১০ শতাংশ সুদহারে নারী উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় এ পর্যন্ত সাত হাজারের বেশি নারী উদ্যোক্তাকে প্রায় ৫৩২ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।