দেশে চালু হলো বিনা মূল্যের ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা মূল্যে ইন্টারনেট সেবা চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা l প্রথম আলো
বিনা মূল্যে ইন্টারনেট সেবা চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা l প্রথম আলো

দেশে চালু হলো বিনা মূল্যের ইন্টারনেট। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রকল্প ইন্টারনেট ডট ওআরজির সহায়তায় গতকাল রোববার সেবাটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। মুঠোফোন অপারেটর রবির গ্রাহকেরা এ সেবাটি প্রথম ব্যবহার করতে পারবেন। তবে অন্যান্য অপারেটরের গ্রাহকেরাও শিগগিরই এ সুবিধা পাবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের দশম আর এশিয়ার চতুর্থ দেশ হিসেবে বাংলাদেশে ফেসবুকের বিনা মূল্যের এ ইন্টারনেট সেবা চালু হয়েছে। বাংলাদেশের সব মানুষকে ইন্টারনেট সেবা দিতে এ সেবা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।
অনুষ্ঠানে ফেসবুকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গ্লোবাল অপারেটর পার্টনারশিপের ডিরেক্টর মার্কো ম্যাকলেইনেন। তিনি বলেন, ‘ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা নেই এমন জনগোষ্ঠীকে এ সেবা দিতে ও ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের মানুষকে সচেতন করতে উদ্যোগটি নেওয়া হয়েছে।’
জুনাইদ আহমেদ বলেন, দেশের মানুষের জন্য বিনা মূল্যের ইন্টারনেট চালুর এ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি অন্যতম মাইলফলক হয়ে থাকবে। তিনি এ জন্য রবি ও ফেসবুককে ধন্যবাদ জানান। বলেন, ‘আশা করছি সব মুঠোফোন অপারেটর এ উদ্যোগের সঙ্গে যুক্ত হবে।’
সেবাটি ব্যবহারের নিয়ম সম্পর্কে জানানো হয়, রবির গ্রাহকেরা যদি বিনা মূল্যে প্রদান করা সেবাগুলোর বাইরে কোনো ওয়েবসাইট ভিজিট করতে বা ভিডিও দেখতে চান, তখন সাধারণ ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে। কোনো ডেটা প্যাক কেনা না থাকলে ইন্টারনেট ডটওআরজি ব্যবহারের সময় গ্রাহক তাঁর পছন্দের প্যাকেজটি বেছে নিতে পারবেন। যদি ডেটা প্যাক না থাকে এবং গ্রাহক কোনো প্যাকেজ না কিনে ভিডিও কনটেন্ট দেখতে চান, তবে পে-পার-ইউজের বা যতটা ইন্টারনেট ব্যবহার করছেন, তার ভিত্তিতে চার্জ প্রযোজ্য হবে।
সেবাটি ব্যবহার করতে গ্রাহককে ইন্টারনেট ডট ওআরজির ওয়েবসাইটে যেতে হবে অথবা স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুপুন বীরাসিংহে, প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ।