দেশে টানা ছয় মাস মূল্যস্ফীতি কমেছে
বর্তমান অর্থবছরের শুরু থেকেই গরিব ও সীমিত আয়ের মানুষেরা কিছুটা স্বস্তিতে আছেন। নিত্যপণ্যের দামের আগুনে তাঁদের খুব বেশি পুড়তে হয়নি। কারণ, বিগত ছয় মাস মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমেছে।
মাসওয়ারিভিত্তিতে সর্বশেষ গত ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ১১ শতাংশে নেমে এসেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল বৃহস্পতিবার ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে। এ উপলক্ষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলন করেন।
বিবিএসের হিসাবে দেখা গেছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ০৪ শতাংশ। এর পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এই হার ক্রমাগত কমে দাঁড়ায় যথাক্রমে ৬ দশমিক ৯১, ৬ দশমিক ৮৪, ৬ দশমিক ৬০ ও ৬ দশমিক ২১ শতাংশ। সব মিলিয়ে ছয় মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে প্রায় ১ শতাংশ। এই সময়ে মূল্যস্ফীতির চাপ কম অনুভব করেছেন সাধারণ মানুষ।
বিবিএসের দেওয়া তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমেছে, তবে বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে। এই মাসে খাদ্যসূচকে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ; যা এর আগের মাস নভেম্বরে ছিল ৬ দশমিক ৪৪ শতাংশ।
ডিসেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৬ দশমিক ৪৮ শতাংশ হয়েছে। নভেম্বর মাসে এই হার ছিল ৫ দশমিক ৮৪ শতাংশ।
আর গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতির প্রভাব বেশি। গত ডিসেম্বরে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৫০ শতাংশ। গ্রামে এই হার ছিল ৫ দশমিক ৮৯ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমেছে। তাই দেশের বাজারে এর প্রভাব পড়েছে। এ জন্য মূল্যস্ফীতি নিম্নমুখী রয়েছে।
ব্যয়ের সঙ্গে সংগতিপূর্ণ আয় না বাড়লে মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বাড়ে। আগের বছরের একই মাসের তুলনায় বর্তমান বছরের একই মাসে কত হারে পণ্যের দাম বাড়ে বা কমে, সেই হিসাব বিবেচনায় এনে মূল্যস্ফীতির হিসাব করা হয়। বাংলাদেশে সাধারণত মূল্যস্ফীতির হার বৃদ্ধি পায়। উদাহরণ দিয়ে বলা যায়, গত ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১১ শতাংশ। এর মানে হলো, ২০১৩ সালের ডিসেম্বর মাসে একজন ভোক্তা একটি পণ্য ১০০ টাকায় কিনেছিলেন। ২০১৪ সালের ডিসেম্বর মাসে তাঁকে সেটি কিনতে হয়েছে ১০৬ টাকা ১১ পয়সায়। অর্থাৎ এক বছরের ব্যবধানে ওই পণ্যের দাম বেড়েছে ছয় টাকা ১১ পয়সা। সে অনুযায়ী মূল্যস্ফীতি হলো ৬ দশমিক ১১ শতাংশ।
আবার মানুষের আয় কতটা বাড়ল, সেটা বোঝানো হয় জাতীয় মজুরিহার সূচক দিয়ে। বিবিএসের দেওয়া তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে জাতীয় মজুরিহার সূচক দাঁড়ায় ৮৮২৪; যা ২০১৩ সালের একই মাসের তুলনায় ১০ দশমিক ০২ শতাংশ বেশি। এর মানে হলো, মূল্যস্ফীতির তুলনায় মজুরি বেশি বেড়েছে। এতে জীবনধারণের ব্যয়ে গরিব ও সীমিত আয়ের মানুষের ওপর অপেক্ষাকৃত কম চাপ পড়েছে।
উল্লেখ্য, ১৯৬৯-৭০ সালকে ভিত্তিবছর ধরে এই মজুরিহার নির্ণয় করা হয়েছে। আর মজুরিভিত্তি ধরা হয়েছে ১০০। উদাহরণ দিয়ে বলা যায়, ১৯৬৯-৭০ অর্থবছরে একজন শ্রমিক মজুরি পেতেন ১০০ টাকা। ২০১৪ সালের ডিসেম্বর মাসে এসে একই কাজের জন্য একজন শ্রমিকের মজুরি দাঁড়িয়েছে ৮ হাজার ৮২৪ টাকা। ভিত্তিবছর থেকে প্রতিবছরই মজুরি বেড়েছে।
পণ্যের দাম বৃদ্ধি বা হ্রাস সম্পর্কে পরিকল্পনামন্ত্রী জানান, ‘স্বপ্ন’র মতো সুপারশপে এক টাকা কেজি দরে সবজি বিক্রি হচ্ছে। সরকারের পক্ষ থেকে সময়মতো কৃষককে সহায়তা দেওয়ার কারণে এই দরে সবজি পাওয়া যাচ্ছে। এটিকে তিনি রাজনৈতিক সাফল্য হিসেবে দেখান। কৃষক কি ন্যায্য দাম পাচ্ছেন কিংবা উৎপাদন খরচ উঠে আসছে কি না, এমন প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। তবে মাঠের চিত্রটি ভিন্ন। কৃষকেরা ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ আছে। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই অঞ্চলে এক কেজি ফুলকপি উৎপাদন করতে চার টাকা খরচ হয়। আর এক কেজি বাঁধাকপিতে উৎপাদন খরচ পড়ে চার-পাঁচ টাকা।