ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি আবু সাঈদ মো. শায়খুল ইসলাম বলেছেন, ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে অর্থ চলে যাচ্ছে দেশের বাইরে। বিষয়টি যথাযথভাবে তদারক হচ্ছে না। কারণ এটি দেখার দায়িত্বে পেশাদার কেউ নেই।
এই সুযোগে এখানে ব্যবসা করলেও পুরোপুরি কর না দিয়েই বিদেশে অবস্থিত মূল কোম্পানিতে অর্থ পাঠিয়ে দেয় কিছু বহুজাতিক কোম্পানি।
আইসিএমএবির আয়োজনে প্রতিষ্ঠানটির রুহুল কুদ্দুস মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত ‘ট্রান্সফার প্রাইসিং’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় শায়খুল ইসলাম এ কথা বলেন। সঠিক ট্রান্সফার প্রাইসিং প্রতিবেদন তৈরিতে আইসিএমএবি থেকে ডিগ্রি নেওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে পারলে এ অনিয়ম রোধ করা সম্ভব উল্লেখ করে শায়খুল বলেন, এতে কোম্পানিগুলোতে যেমন সুশাসন বাড়বে, পাশাপাশি বাড়বে সরকারের রাজস্ব আয়ও।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। শায়খুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের সাবেক সদস্য আমিনুর রহমান, কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) যুগ্ম পরিচালক ও ট্রান্সফার প্রাইসিং সেলের সমন্বয়ক সাব্বির আহমেদ। আইসিএমএবির সেমিনার ও সম্মেলন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম অনুষ্ঠানে স্বাগত ও প্রতিষ্ঠানটির সচিব মো. আবদুর রহমান খান ধন্যবাদ বক্তব্য দেন।
আয়কর অধ্যাদেশে ২০১২ সালে ট্রান্সফার প্রাইসিং নামে নতুন একটি অধ্যায় সংযোজন করেছে সরকার। ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে কর ফাঁকি হচ্ছে কি না তা নজরদারি করতে এনবিআরে গঠন করা হয়েছে একটি ট্রান্সফার প্রাইসিং সেল। এটিও পরিপূর্ণভাবে চালু হয়নি।
সাব্বির আহমেদ তাঁর প্রবন্ধে জানান, ট্রান্সফার প্রাইসিংকে নজরদারির মধ্যে আনা এখন সময়ের দাবি। বিশ্বের ৭৫টি দেশে এর সঠিক পদ্ধতি চালু রয়েছে। উন্নত দেশ তো বটেই, বেশির ভাগ মধ্য আয়ের দেশও তা চালু করেছে। উন্নয়নশীল দেশগুলোও চালু করার পথে। ট্রান্সফার প্রাইসিংয়ের জন্য এনবিআরের নিয়োগ করা কর্মকর্তাকেই ট্রান্সফার প্রাইসিং কর্মকর্তা বলে উল্লেখ করেন তিনি।
আইসিএমএবি সভাপতি ট্রান্সফার প্রাইসিং প্রতিবেদন ও অ্যাকাউন্টিং প্রতিবেদন তৈরিতে আইসিএমএবির সদস্যদের অন্তর্ভুক্ত করতে আসন্ন অর্থ আইন সংশোধনের অনুরোধ জানান। তিনি বলেন, পেশাদার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট দিয়ে ট্রান্সফার প্রাইসিং না করালে বিদেশে অর্থ চলে যাওয়ার শঙ্কা থেকে যায়।
ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে কোন কোন বহুজাতিক কোম্পানি, কত টাকা বিদেশে নিয়ে গেল—আইসিএমএবির সভাপতির বক্তব্যে তা উঠে আসেনি। এমনকি প্রবন্ধেও এ বিষয়ে কোনো তথ্য ছিল না।
এনবিআর চেয়ারম্যান আইন সংশোধনের কোনো আশ্বাস দেননি। তবে তিনি বলেন, কার্পেটের তলা থেকেও কর খুঁজে বের করা হবে। সার্বিক কর বৃদ্ধিতে আইসিএমএবির সঙ্গে এনবিআরের কৌশলগত অংশীদারত্ব তৈরির বিষয়টি ভেবে দেখবেন বলে জানান নজিবুর রহমান।
বর্তমানে কোনো বহুজাতিক কোম্পানি তিন কোটি টাকার বেশি লেনদেন করলেই এর যাবতীয় তথ্য সংরক্ষণ করার নিয়ম আছে। কোম্পানিটি প্রকৃত দাম দিয়েই পণ্য আমদানি করেছে কি না তা বছর শেষে যাচাই করবে এনবিআর। পণ্য রপ্তানির নামে বিদেশে টাকা পাচার হলে ট্রান্সফার প্রাইসিং সেল তা ধরতে কাজ করবে বলে জানা গেছে।