দেশে ট্রেডমার্ক লড়াই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এনার্জি প্লাস’ নামে কয়েক বছর ধরেই দেশে একটি বিস্কুট বাজারজাত হচ্ছে। ক্রেতারাও তা কিনছেন। সম্প্রতি প্রায় একই রঙের মোড়কে আরেকটি প্রতিষ্ঠান বিস্কুট বাজারজাত করছে। এই বিস্কুটের নাম ‘মি. এনার্জি’। এটি বাজারজাত করছে হক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।‘এনার্জি প্লাস’ বিস্কুট বাজারজাতকারী প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বলছে, এটা ক্রেতাদের সঙ্গে প্রতারণা। এতে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।সে কারণেই সম্প্রতি মামলা করেছে অলিম্পিক। রায়ও এসেছে প্রতিষ্ঠানটির পক্ষে। আদালত বলেছেন, এই নামের ট্রেডমার্ক শুধু অলিম্পিকই ব্যবহার করতে পারবে। অন্য প্রতিষ্ঠান প্রায় একই নামে কিংবা একই মোড়কে বিস্কুট বাজারজাত করতে পারবে না। এনার্জি প্লাসের ট্রেডমার্ক নং-৪৩৪৭৪ আর প্যাটেন্ট ডিজাইন নম্বর-০২৪৮৭। ৮ এপ্রিল প্রথম আলোয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও দেয় প্রতিষ্ঠানটি।স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের কোনো পণ্যের মোড়ক ও নাম একই রেখে কিংবা আগে-পরে দু-একটি শব্দ যোগ করে অনেক প্রতিষ্ঠানই নকল পণ্য বাজারজাত করছে। এত দিন এ নিয়ে মাথা না ঘামালেও ইদানীং বিভিন্ন প্রতিষ্ঠান ট্রেডমার্কের অধিকার সংরক্ষণে সচেতন হয়েছে, নিচ্ছে আইনি পদক্ষেপও। এ নিয়ে মামলাও করেছে কয়েকটি প্রতিষ্ঠান। ফলে কার্যত দেশে ট্রেডমার্কের অধিকার রক্ষায় একধরনের যুদ্ধও শুরু হয়ে গেছে।প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের একজন সহকারী নিবন্ধক প্রথম আলোকে বলেন, ‘একটি নাম বাজারে চালু থাকা অবস্থায় একই নামে অন্য প্রতিষ্ঠানের কোনো পণ্য বাজারজাত করা প্রতারণা। আইন অনুযায়ী, ট্রেডমার্কের অধিকার সংরক্ষণকারী আইনি পদক্ষেপ নিতে পারেন। ট্রেডমার্ক নিবন্ধনই তাকে এ অধিকার দেয়।’এ ক্ষেত্রে অধিদপ্তরের ভূমিকা কী জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘কেউ আদালতে মামলা করলে আদালত আমাদের কাছে সে বিষয়ক প্রমাণাদি সম্পর্কে জানতে চান। আমরা তা সরবরাহ করি। আমাদের আর কোনো করণীয় নেই।’কয়েকটি ঘটনা: জাপানের তাইহিয়ো সিমেন্ট করপোরেশন ৭ ফেব্রুয়ারি পত্রিকায় দেওয়া বিজ্ঞাপনে বলেছে, প্রতিষ্ঠানটি ‘তাইহিয়ো’ ট্রেডমার্ক প্রতীক বা লোগোর একমাত্র স্বত্বাধিকারী। বিভিন্ন দেশে এ নামেই ট্রেডমার্ক নিবন্ধন করেছে প্রতিষ্ঠানটি। এ দেশে ট্রেডমার্ক নিবন্ধন নম্বর-৬৮৭৬৫। তাই এ নামে অন্য প্রতিষ্ঠানের সিমেন্ট বাজারজাত করার অধিকার নেই।তাইহিয়ো বলেছে, সম্প্রতি বাংলাদেশের বেঙ্গল টাইগার সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘তাইহিয়ো’ ব্র্যান্ড নাম ও লোগো ব্যবহার করে সিমেন্ট উৎপাদন, বাজারজাত ও বিক্রি করছে। সে কারণে তাইহিয়ো করপোরেশন এ নাম ও লোগো ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ঢাকা জেলা জজ আদালতে মামলা করে। আদালত এ নামে সিমেন্ট বাজারজাত করতে বেঙ্গল টাইগারকে নিষেধ করেন। এর পরও প্রতিষ্ঠানটি এ নামে সিমেন্ট বাজারজাত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।কিন্তু এই বিজ্ঞাপন প্রকাশের পরও যে ‘তাইহিয়ো’ নামে অন্য প্রতিষ্ঠানের সিমেন্ট বাজারজাতকরণ থেমে নেই তার প্রমাণ পাওয়া যায় অভিযুক্ত প্রতিষ্ঠানটি আরও দুই দিন একই বিজ্ঞাপন পত্রিকায় ছেপেছে।১৬ এপ্রিল ট্রেডমার্ক নকলসংক্রান্ত একটি বিজ্ঞাপন দেয় রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ। বলেছে, তাদের ‘রোমানিয়া লেক্সাস’ বিস্কুট বহু দিন ধরেই বিক্রি হয়ে আসছে। ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন প্যাটেন্ট অধিদপ্তরে প্রক্রিয়াধীন আছে। এ অবস্থায় ‘রোমানিয়া লেক্সাস’ ব্র্যান্ডের বিস্কুট বিক্রি শুধু রোমানিয়া ফুডই করতে পারে।কিন্তু ইদানীং ‘রোমানিয়া লেক্সাস’ বিস্কুটের মোড়কে এই নামের আগে-পরে কিছু শব্দ যুক্ত করে নকল ট্রেডমার্ক সংবলিত বিস্কুট বাজারজাত করা হচ্ছে। এ অবস্থায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে প্রতি২ষ্ঠানটি।গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড সম্প্রতি দেশে বাজারজাত শুরু করেছে ‘সেনসোডাইন’ ব্র্যান্ডের টুথপেস্ট। এর পরিপ্রেক্ষিতে গ্ল্যাক্সোস্মিথক্লাইন পত্রিকায় বিজ্ঞাপনে দিয়ে বলেছে, প্যাটেন্ট অধিদপ্তর থেকে ট্রেডমার্ক নিবন্ধন নিয়েছে। তাই এ নামে অন্য কোনো প্রতিষ্ঠানের টুথপেস্ট আমদানি ও বাজারজাত করা সম্পূর্ণ বেআইনি। পাল্টাপাল্টি: ইউনিভার্সাল ফুডের সহযোগী প্রতিষ্ঠান ইউনিভার্সাল ফার্মাসিউটিক্যালস ১৯৯৮ সাল থেকে ‘ইউনিভার্সাল টেস্টিস্যালাইন’ নামে স্যালাইন উৎপাদন ও বাজারজাত করছে। একই বছরের ২৮ জুন তাদের ট্রেডমার্ক নিবন্ধিত হয়। গত ২১ মার্চ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠানটি বলেছে, টেস্টিস্যালাইন নামে অন্য কোনো প্রতিষ্ঠান স্যালাইন বিক্রি করতে পারে না। সম্প্রতি শ্যামলী ফুড প্রডাক্টসও একই নাম ও নকশা ব্যবহার করে টেস্টিস্যালাইন নামে স্যালাইন বাজারজাত করছে। এ কারণে ইউনিভার্সাল ফুড পাবনা জেলা আদালতে মামলা করে। ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতের দেওয়া রায়ে একই নামে ও ডিজাইনে শ্যামলী ফুড টেস্টিস্যালাইন বিক্রি করতে পারবে না মর্মে আদেশ দেন। শ্যামলী ফুড হাইকোর্টে আপিল করলেও চলতি বছরের ১৪ জানুয়ারি আদালত আগের নিষেধাজ্ঞাই বহাল রাখেন। অবশ্য ২৬ মার্চ পাল্টা বিজ্ঞপ্তি দিয়ে শ্যামলী ফুড বলেছে, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ‘শ্যামলী টেস্টিস্যালাইন’ নামে বাজারজাত করছে। এর নিবন্ধন ও নকশা নম্বর-০১১৮১৩। প্রতিষ্ঠানটি বলছে, টেস্টি শব্দটি এককভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করতে পারে না। এ অবস্থায় ইউনিভার্সালের বক্তব্য প্রত্যাহারের অনুরোধ করেছে শ্যামলী ফুড কর্তৃপক্ষ।