কানাডার রপ্তানিকারক ও সরকারি কর্মকর্তারা বাংলাদেশে ডালের উৎ পাদন বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সমঝোতা চুক্তি সই হওয়ার কথা রয়েছে।চট্টগ্রামে গতকাল শনিবার অনুষ্ঠিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়। সাসকেচুয়ান ট্রেড অ্যান্ড এক্সপোর্ট পার্টনারশিপ (স্টেপ), সাসকেচুয়ান পালস গ্রোয়ার্স অব কানাডা অ্যাগ্রিকালচার, কৃষি মন্ত্রণালয় ও কানাডিয়ান গ্রেইন কমিশন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে বলা হয়, কানাডা থেকে ২০১০ সালে ৫৯ কোটি ৫৩ লাখ মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে ৫২ শতাংশই আমদানি হয়েছে বিভিন্ন ধরনের ডাল ও গম, যা অর্থের হিসাবে ৩১ কোটি ১২ লাখ ৭০ হাজার ডলার। কানাডা থেকে ডাল আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে দ্বিতীয় এবং সব ধরনের খাদ্যশস্যের ক্ষেত্রে ষষ্ঠ।সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল।সেমিনারে আরও বক্তব্য দেন স্টেপের টিম মার্শাল ও জেনিফার ইভানজ, সাসকেচুয়ানের উপমন্ত্রী এলানা কোচ, কানাডীয় গ্রেইন কমিশনের জিন ক্যাসটানগুয়া, সাসকেচুয়ান পালস গ্রোয়ার্সের গার্থ প্যাটারসন এবং বাংলাদেশের খাদ্যশস্য আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী।রবার্ট ম্যাকডুগাল বলেন, ২০০৮ সালের পর বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ৫০ শতাংশ বেড়েছে। তিনি জানান, খাদ্যশস্য রপ্তানির ক্ষেত্রে কানাডা চট্টগ্রাম বন্দরকে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে। কানাডা থেকে গম, ডাল ও মটর আমদানির ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। মোহাম্মদ মন্জুর আলম দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ অনেক পণ্য আন্তর্জাতিক বাজারে সুনামের সঙ্গে রপ্তানি করছে। কানাডাকে এসব পণ্য আমদানির আহ্বান জানান তিনি।এদিকে সেমিনারে বাংলাদেশের ব্যবসায়ীরা কানাডার রপ্তানি করা গম ও অন্যান্য পণ্যের গুণগত মান নিয়ে অভিযোগ করেন।আবুল বশর চৌধুরী বলেন, কানাডা সরকার রপ্তানি পণ্যে যে গুণগত মান ঘোষণা করে, তা সব সময় সঠিক থাকে না। ফলে বাংলাদেশের আমদানিকারকেরা বাধ্য হয়ে অস্ট্রেলিয়া অথবা অন্য দেশ থেকে এসব পণ্য আমদানি করতে বাধ্য হন।স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্যের প্রসঙ্গে কানাডীয় গ্রেইন কমিশনের কর্মকর্তা জিন ক্যাসটানগুয়া বলেন, তাঁর সরকার খাদ্যমান সম্পর্কে সচেতন। কিন্তু রপ্তানিকারক প্রতিষ্ঠান বা ব্যবসায়ীরা অনেক সময় এটা করে থাকেন।